সমাজ বদলাতে একজন মানুষই দরকার

লেখক এডওয়ার্ড এভারেট হেলের বক্তব্য দিয়ে আরম্ভ করছি,

'আমি তো মাত্র একজন! কিন্তু আমিই সেই একজন যে কাজটি করে দেখাব। আমি সবকিছু করতে পারব না, তবে আমি কিছু একটা করতে পারি। আর আমি যা করতে পারি না তার দ্বারা আমি যা করতে পারি তা নষ্ট হতে দিব না।'

১৮১৩ সনের কথা। ইংল্যান্ডের কারাগারে অর্ধনগ্ন অবস্থায় তিন চারশ মহিলা বিচারের অপেক্ষায় রয়েছে। তাদের জন্য ঘুমানোর কোন বিছানা নেই, ভালো কোন খাবারদাবার নেই। এদের মধ্যে বয়স্ক নারী, তরুণী ও বালিকারাও রয়েছে। তারা ময়লা মেঝেতে, ছেঁড়া কাপড়চোপড় পরে ঘুমায়। তাদের প্রতি কারও নজর নেই। সরকারও তাদেরকে এমন অখাদ্য দেয় যেন তাদেরকে বাঁচিয়ে রাখার কোন দায় নেই।

এলিজাবেথ ফ্রাই তাঁর সুযোগ দেখলেন। তিনি কারাগারে গিয়ে বন্দীদের সাথে দেখা করলেন। তিনি বন্দীদের জন্য শিক্ষার ব্যবস্থা করলেন। একটি বিদ্যালয় খুললেন। বন্দীদের বললেন যে তারা যেন নিজেদের মধ্য থেকে একজন শিক্ষক বেছে নেয়। তারা নিজেদের মধ্য থেকে একজনকে নেছে নিল যে কিছুদিন আগে ঘড়ি চুরির দায়ে গ্রেপ্তার হয়েছে। মাত্র তিন মাসের মাথায় যাদেরকে পূর্বে 'বন্য জন্তুজানোয়ার' বলে ডাকা হত, তারা আমূল বদলে গেল। তারা এখন অনেক ভদ্র ও সভ্য হয়ে উঠেছে।

এলিজাবেথ ফ্রাইয়ের এই সমাজকর্ম ততদিন চলল যতদিন না সরকার এহেন মহৎ কর্মকে আইনত স্বীকৃতি দিল। এরপর সারা দেশব্যাপী কারাগারের বন্দীদের পড়ালেখা ও সেলায়ের কাজ শেখান হল। ধীরে ধীরে সারা বিশ্বের সভ্য দেশসমূহ এ উদ্যোগকে সাধুবাদ জানালেন এবং গ্রহণ করলেন।

তথ্যসূত্র :

১। https://en.m.wikipedia.org/wiki/Elizabeth_Fry
২। https://www.thepositivemom.com/one-person-can-make-a-difference-and-everyone-try
৩। https://en.m.wikipedia.org/wiki/File:Mrs._Fry_reading_to_the_prisoners_in_Newgate_John_Johnson.jpg

জীবনের প্রতিটি মুহূর্ত এক সুযোগ

ফ্রেডেরিক ডগলাস (ফেব্রুয়ারি ১৮১৮ - ২০ ফেব্রুয়ারি ১৮৯৫) একজন লেখক, বক্তা ও রাজনীতিবিদ। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের টালবট জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর মা ছিলেন ক্রীতদাস এবং তিনি নিজেও জন্ম থেকে ক্রীতদাস হিসাবে জীবন আরম্ভ করেন। তখনকার দিনে ক্রীতদাসদের জীবন অনেক ভয়ানক ছিল। দশ বছর বয়সে তিনি তাঁর মা’কে হারান। বারো বছর বয়সে, তাঁর মালিকের স্ত্রী সোফিয়া অলড তাঁকে লেখাপড়া শেখান। তখনকার দিনে ক্রীতদাসদের শিক্ষা অর্জন ছিল বেআইনি। মালিক অলড তার স্ত্রী’কে ফ্রেডেরিককে লেখাপড়া শেখাতে নিষেধ করলেন। কিন্তু ফ্রেডেরিক ছিলেন একজন বুদ্ধিমান ও আগ্রহী কিশোর। তিনি লুকিয়ে লুকিয়ে, অন্য সাদা শিশুদের লেখাপড়া দেখে শিখলেন।

এরপর তিনি যখন পড়তে শিখলেন তখন তিনি সংবাদপত্র পড়তে লাগলেন। দাসদের সম্পর্কে পড়তে লাগলেন। মানুষের সাথে মানুষের আচরণ কী রকম হওয়া উচিত তাই নিয়ে ফ্রেডেরিকের মধ্যে চেতনাবোধ তৈরি হতে লাগল। কিন্তু তিনি এক সময় ধরা পড়ে গেলেন। তাঁকে অন্য এক মালিকের কাছে বিক্রি করে দেওয়া হল। সেই মালিক ফ্রেডেরিককে বেদম প্রহার করতেন। ফ্রেডেরিকের মনোবল ভেঙে দিতে চাইলেন। কিন্তু এতে করে ফ্রেডেরিকের মনোবল ইস্পাতসম দৃঢ় হয়ে উঠল। তাঁর একমাত্র ধ্যানজ্ঞান হয়ে দাঁড়াল– স্বাধীনতা অর্জন।

১৮৩৮ সালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি নাবিকের ছদ্মবেশে মালিকের খামার থেকে পালিয়ে যান। তিনি একজন কৃষ্ণাঙ্গ ও মুক্ত ব্যক্তি এমন সনদও যোগাড় করেন। এরপর ট্রেনে করে নিউ ইয়র্কে এসে পৌঁছান।

ফ্রেডেরিক তাঁর দাস জীবন নিয়ে আত্মজীবনী লেখেন। তিনি নারীদের অধিকার নিয়ে বক্তব্য দেন। তিনি দাসপ্রথা বিলোপে আমেরিকা সহ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডেও বক্তব্য দেন। আমেরিকার গৃহযুদ্ধের সময় তিনি কৃষ্ণাঙ্গ সৈন্যদের অধিকার নিয়ে লড়াই করেন। যুদ্ধের সময় দক্ষিণ অংশ (কনফেডারেট স্টেটস অফ আমেরিকা) ঘোষণা দেয়, যেকোন কৃষ্ণাঙ্গ সৈন্যকে ধরতে পারলে হত্যা করা হবে অথবা দাস বানান হবে। ফ্রেডেরিক রাষ্ট্রপতি লিংকনকে (১৯৬১-১৯৬৫) এর বিপরীতে ব্যবস্থা নিয়ে সনির্বন্ধ অনুরোধ জানান। পরে রাষ্ট্রপতি লিংকন ঘোষণা করেন, কনফেডারেট (দক্ষিণ অংশ) যদি একজন বন্দী সৈন্যকেও হত্যা করে তবে উত্তর অংশও (যুক্তরাষ্ট্র ইউনিয়ন) ইউনিয়নও একজন বন্দী সৈন্যকে হত্যা করবে। তিনি রাষ্ট্রপতি এন্ড্রু জনসনের (১৯৬৫-১৯৬৯) উপদেষ্টা ছিলেন।

ফ্রেডেরিক ডগলাসের বিখ্যাত কিছু উক্তি,

‘দাস ব্যবসায়ীদের সাথে কোন সংহতি বা সংঘবদ্ধতা নয়।’

‘আমি ন্যায়ভিত্তিক কাজ করার জন্য যেকোন লোকের সাথে যুক্ত হতে রাজি আছি, কিন্তু অন্যায় কাজের জন্য কারও সাথেই যুক্ত হতে রাজি নই।’

লাখে একটি সুযোগ পাওয়ার কথা না। কিন্তু ফ্রেডেরিক ডগলাস পেয়েছেন। যেকোন সুযোগ আপনার সুবিধায় পরিণত হতে পারে যদি আপনি কাজ আরম্ভ করেন। আমার সুযোগ নেই। আমার কপালে নেই। এমন কথা হচ্ছে অলসদের অজুহাত। জীবনের প্রতিটি মুহূর্ত এক সুযোগ। প্রত্যেক রোগী এক সুযোগ। পত্রিকার প্রতিটি প্রতিবেদন এক সুযোগ। ব্যবসার প্রতিটি গ্রাহক এক সুযোগ। সভাসমিতির প্রতিটি সাক্ষাৎ এক সুযোগ। ব্যবসার প্রতিটি চুক্তি এক সুযোগ। মানুষ্যোচিত প্রতিটি আচরণ এক সুযোগ। প্রতিটি সৎকর্ম এক সুযোগ। প্রতিটি বন্ধু এক সুযোগ। আপনার মধ্যকার আত্মবিশ্বাসী প্রতিটি কর্ম এক সুযোগ। যেকোন দায়িত্ব পালন করা, দায়িত্ব পালনের মাধ্যমে নিজের সম্মান ও শক্তি বৃদ্ধি একটি সুযোগ। যদি একজন দাস– ফ্রেডেরিক ডগলাস নিজেকে একজন বক্তা, লেখক ও রাজনীতিবিদ হিসাবে তৈরি করতে পারেন তবে আপনার সম্ভাবনার দ্বার কি অসীম নয়?

এডউইন হুববেল চ্যাপিন বলেন,

‘মানুষের মধ্যে যারা উত্তম তারা সুযোগের জন্য অপেক্ষা করেন না বরং তারা সুযোগ তৈরি করে; সুযোগকে নিজের হাতের মুঠোয় চেপে ধরে এবং সুযোগকে তার সাহায্যকারী রূপে পরিণত করে।’

যারা কাজ করে তারা অভিযোগ জানায় না। আপনি দেখবেন, যারা অলস, কর্মবিমুখ তারাই ‘সুযোগ নেই, সম্ভবনা নেই’ বলে অভিযোগ জানায়। কিছু কিছু তরুণ জীবন থেকে এত কিছু গ্রহণ করে যেন ফুল থেকে মৌমাছির মধু সংগ্রহ। প্রতিটি ফুল থেকে, প্রতিবার কিছু না কিছু মধু সংগ্রহ করা। তেমনই জীবনের প্রতিটি মুহূর্ত থেকে, প্রতিটি ঘটনা থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করুন যা আপনার ব্যক্তিগত উন্নয়নে কাজে আসবে।

এক মহান ব্যক্তি বলেছেন,

‘এমন কেউ নেই যার জীবনে একবার না একবার সুযোগ আসে না। কিন্তু সুযোগ এসে দেখল সেই ব্যক্তি প্রস্তুত নয়। তখন সুযোগ যেমন দরজা দিয়ে এসেছে তেমন জানালা দিয়ে বের হয়ে যায়।’

তথ্যসূত্র :

১। https://www.ducksters.com/history/civil_rights/frederick_douglass.php
২। https://www.biography.com/activist/frederick-douglass
৩। https://en.wikipedia.org/wiki/Frederick_Douglass

বইয়ের পর্যালোচনা - বেকনের প্রবন্ধ। মূল : ফ্রান্সিস বেকন। অনুবাদ : কাওসার হুসাইন


বেকনের প্রবন্ধে আমরা মূলত উপযোগবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় পাই। বেকন সবকিছুকে ব্যবহারিক মূল্য ও উপযোগিতার নিরিখে বিচার করেন। বেকন চান মানুষের সামর্থ্যরে ষোলো আনা ব্যবহার। মানুষ বাস্তব জগতে নিজের সামর্থ্য প্রয়োগ করবে এবং এর ব্যবহার থেকে সাফল্য লাভ করবে।

বাস্তবে কী কতটুকু কাজে আসবে তাই হচ্ছে বেকনের আসল কথা, সত্য মিথ্যা বিবেচনাটি অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাঁর চেষ্টা ছিল জীবনের সাফল্য ও ব্যর্থতা আলোচনা করা।

আমি প্রথমে ঈর্ষা প্রবন্ধের উল্লেখ করছি। দীর্ঘদিন থেকে আমার মনে একটি প্রশ্ন ছিল, মানুষ কেন ঈর্ষাপরায়ণ হয়? এর খুব সহজ ও যথার্থ এক উত্তর পাওয়া গেল বেকনের প্রবন্ধে। বেকন বলছেন,

‘যার নিজের কোন গুণ নেই, অন্যের গুণপনা তার ঈর্ষার উদ্রেক করে।’

‘নিজের কাজে যার মন রয়েছে, তার ঈর্ষান্বিত হবার মতো বিশেষ কিছু থাকে না। কারণ ঈর্ষার স্বভাবই হচ্ছে টো টো করা, সে পথে পথে ঘুরে বেড়ায়, ঘরে তার মন টেকে না।’

‘আবার ঈর্ষার পিছনে কাজ করে অন্যের সাথে নিজের তুলনা; যেখানে তুলনা নেই, সেখানে ঈর্ষাও নেই; যে কারণে রাজা ভিন্ন কেউ রাজাকে ঈর্ষা করে না।’

‘সম্মানের পথে যাদের বিস্তর দুর্ভোগ, দুশ্চিন্তা ও দুরবস্থা মোকাবিলা করতে হয়েছে, লোকে তাদের ঈর্ষা করে কম। অনেক ক্লেশে কষ্টে সম্মান অর্জিত হয়েছে জেনে অনেকে বরং তাদের করুণাই করে; আর করুণা ঈর্ষার দারুণ এক প্রতিষেধক। যে কারণে দেখবেন, চতুর ও কুশলী রাজনীতিকেরা সুসময়েও সর্বদা আফশোস করে বলছেন যে কী একটা জীবন তাঁদের, কাজের চাপে জীবনই শেষ। প্রকৃত অবস্থা যা-ই হোক, তাঁরা এসব বলেন ঈর্ষার ধার ভোঁতা করার অভিপ্রায়ে।’

উচ্চ পদ প্রবন্ধ থেকে একটি উক্তি দিচ্ছি।

‘ভালো কিছু করতে পারার শক্তি অর্জন– এই হওয়া চাই সকল উচ্চাকাক্সক্ষার প্রকৃত লক্ষ্য।’

ক্ষমতা অর্জন কেন করব? উচ্চ পদে কাজ করার শক্তি কেন আমরা অর্জন করব তার খুব সরল স্বীকারোক্তি দিয়েছেন বেকন। একে আমরা এভাবেও বলতে পারি যে মানুষের জন্য উপকারী সেবা সম্পন্ন করার আকাক্সক্ষা থাকাই হচ্ছে উচ্চাকাক্সক্ষার প্রারম্ভ।

অর্থবিত্ত প্রবন্ধের উক্তি দিয়ে শেষ করছি,

‘ধনী হোন সৎ রাস্তায়, ব্যয় করুন ভেবে চিন্তে, বিতরণ করুন আনন্দের সাথে এবং যাবার সময় হলে হাসিমুখে ছেড়ে চলে যান।’

তথ্যসূত্র :

১।  বেকনের প্রবন্ধ। মূল : ফ্রান্সিস বেকন। অনুবাদ : কাওসার হুসাইন। ঢাকা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ২০০০।

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *