অন্ধকার এবং শোষণের বিরুদ্ধে এক সাহসী পথিকের লড়াই


গলিতে অন্ধকার। গাঢ় আঁধার। নিজের চোখে নিজেকে দেখা যায় না। সায়হান বলল, একটু অপেক্ষা কর। একটু পরেই ভোরের আলো ফুটবে। বিশ্বাস করতে পারছিলাম না। তবুও বন্ধু মানুষ। যখন বলেছে, একটু অপেক্ষা করেই দেখি।

ধীরে ধীরে যাত্রাবাড়ির অন্ধকার গলিতে ভোরের আলো ফুটতে শুরু করেছে। গলির দেয়ালে দেয়ালে সারিবদ্ধ পোস্টার—বিক্ষোভ, প্রতিরোধ আর পরিবর্তনের চিহ্ন। গত ৩-৪ দিন ধরেই এই এলাকা উত্তাল। রাস্তায় গাড়িঘোড়া নেই। মানুষজন ভয় আর ক্ষোভের মিশ্র অনুভূতিতে ঘরে বন্দী। তবে সায়হানের মতো কিছু সাহসী তরুণ ঠিক করেছে, এই অচলাবস্থা ভাঙতেই হবে।

১৮ বছর বয়সী সায়হান যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার ছাত্র। ধর্মীয় পড়াশোনার পাশাপাশি সমাজের ন্যায়বিচার নিয়ে তার আগ্রহ সবসময়। বন্ধুদের সঙ্গে ফজরের নামাজ পড়ে ফেরার পথে সে শুনতে পায়, তাদের পরিকল্পনা অনুযায়ী মেইন রোডে দখল নিতে হবে। কিন্তু রাস্তাটা ততটা নিরাপদ নয়। সেখানে কোথাও লুকিয়ে রয়েছে অদৃশ্য স্নাইপার, যার লক্ষ্য আন্দোলনকারীদের থামিয়ে দেওয়া।

যাত্রার শুরুতেই তার বন্ধু মারুফ গুলির শিকার হয়। গলগল করে রক্ত বের হচ্ছে তার কাঁধ থেকে। বন্ধুরা হতবিহ্বল হয়ে পড়ে। মেইন রোডে পৌঁছানোর আগেই তাদের ওপর নেমে আসে মৃত্যুর ছায়া। কিছুক্ষণ পরে আবার গুলির শব্দ। এবার সবাই রাস্তায় মাটিতে শুয়ে পড়ে। আশপাশের গলি থেকেও খবর আসে। স্নাইপার আগেই মেইন রোডের প্রবেশপথ অবরুদ্ধ করে রেখেছে।

মারুফের রক্তাক্ত দেহ গলির ভেতরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। সায়হান তার বন্ধুর চোখে তাকিয়ে বুঝতে পারে, সময় বয়ে যাচ্ছে। কিন্তু কেউ জানে না পরবর্তী পদক্ষেপ কী হবে! সবাই গুলির উৎস নিয়ে আলোচনা করতে থাকে।  এলাকার এক বড় ভাই, শরীফ জানায়, স্নাইপার সম্ভবত রাস্তার মুখের ছয়তলা বিল্ডিং থেকে গুলি ছুঁড়ছে। তবে সুনির্দিষ্ট জায়গাটা এখনো অজানা।

“স্নাইপারকে খুঁজে বের করতেই হবে,” শরীফ বলে। “কিন্তু কে যাবে?” প্রশ্ন শুনে সবাই পিছনে সরে যায়। কারো সাহস নেই গলির বাইরে পা রাখার। একসময় সায়হান মুখ তোলে। ভেতরের ভয়কে চেপে রেখে সে বলে, “আমি যাব।”

তার বন্ধুরা থমকে যায়। “তুই পাগল নাকি? এটা আত্মহত্যা,” একজন বলে।

কিন্তু সায়হানের চোখে তখন অন্যরকম এক দৃঢ়তা। “আমরা যদি কেউই না যাই, তাহলে এভাবে বন্দী হয়ে থাকব কতদিন?” সে বলে।

শরীফ তাকে শক্ত করে কাঁধে হাত রেখে বলে, “আল্লাহ তোকে রক্ষা করবেন। সাবধানে যা।”

সায়হান গলির শেষ প্রান্তে এসে দাঁড়ায়। তার বুকের ভেতর হৃদস্পন্দন যেন দ্রুত বাজছে। রাস্তার ওপাশের বিল্ডিংগুলো অন্ধকারে ঢাকা। হঠাৎ, প্রথম গুলিটি ছুটে আসে। সায়হান আগেই সতর্ক ছিল। দ্রুত সরে গিয়ে সে দেয়ালের আড়ালে আশ্রয় নেয়।

তবে থেমে যাওয়ার কোন উপায় নেই। গলির শেষ প্রান্তে পৌঁছানোর আগেই আরও দুটি গুলি তার কাছ দিয়ে ছুটে যায়। সায়হান এবার আর পিছু হটে না। তার পেছনে আরও দুই তরুণ এলোমেলোভাবে দৌঁড়াতে থাকে। তাদের সাহায্যে শরীফ ও শাহাদাৎ স্নাইপারের অবস্থান আন্দাজ করতে পারে।

স্থানীয় জনতা তখন প্রায় একশোর মতো জড়ো হয়েছে। সবার হাতে কিছু না কিছু আছে—লাঠি, ইট, কাঠের টুকরো। তাদের সামনে দাঁড়িয়ে শরীফ বলে, “এখন আমাদের সময়। বিল্ডিংটার দখল নিতে হবে। স্নাইপার যদি এভাবেই থাকে, আমরা কেউই নিরাপদ নই।”

জনতা দলবেঁধে বিল্ডিংয়ের দিকে এগোতে থাকে। তারা দেয়ালের সাথে গা ঘেঁষে ঘেঁষে যায়, যাতে স্নাইপারের চোখে না পড়ে। এভাবে তারা ছয়তলা বিল্ডিংয়ের সামনে পৌঁছায়।

বিল্ডিংয়ের গেট বন্ধ। দারোয়ান প্রথমে ভয় পেয়ে দরজা খুলতে চায় না। জনতার হুংকারে সে দরজা খুলে দিতে বাধ্য হয়। ভেতরে ঢুকেই জনতা বিল্ডিংয়ের বিভিন্ন তলার দিকে ছড়িয়ে পড়ে।

৪ এবং ৬ তলার দুটি ফ্ল্যাটকে সন্দেহ হয়। একদল ৪ তলার দরজায়, আরেকদল ৬ তলার দরজায় ধাক্কা দিতে থাকে। ৬ তলার দরজা খুলে গেলে জনতা দেখতে পায়, সেখানে ভীতসন্ত্রস্ত পরিবারের লোকজন। “এখানে কেউ নেই!” তারা চিৎকার করে বলে।

৪ তলার দরজা বন্ধ। পাশের এক বাসিন্দা জানায়, “বাসাটি ফাঁকা।" কিন্তু জনতা তা মানতে নারাজ। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখতে পায়, পুলিশের পোশাক পরা দুইজন স্নাইপার নিয়ে সেখানে লুকিয়ে আছে। তাদের রাইফেলের নল এখনো গরম।

স্নাইপারদের ধরে জনতা উত্তেজিত হয়ে ওঠে। কয়েকজন তাদের উপর হামলা শুরু করে। সায়হান তখনও ভেতরে দাঁড়িয়ে। সে চিৎকার করে বলে, “এভাবে মেরে লাভ নেই। তাদের আইন অনুযায়ী শাস্তি দিতে হবে।”

কিন্তু জনতার রাগ থামে না। স্নাইপারদের টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনা হয়। ইতোমধ্যে বিল্ডিংয়ের মালিক পালিয়ে যায়।

হাজারো জনতা দলে দলে সড়কে নেমে আসে। তাকবিরের ধ্বনিতে যাত্রাবাড়ির আকাশ-বাতাস কেঁপে ওঠে। রাস্তায় স্নাইপারদের উলঙ্গ দেহ ঝুলিয়ে রাখা হয়। তাদের পা উপরে আর মাথা নিচে।

সায়হান এই দৃশ্য দেখে হতবাক। সে ফিরে এসে মারুফের পাশে বসে। বন্ধুর চিকিৎসার ব্যবস্থা করতে থাকে।

সায়হান বুঝতে পারে, এই লড়াইয়ের মধ্যে শুধুই রাগ আর প্রতিশোধ ছিল। কিন্তু এই পথে প্রকৃত মুক্তি পাওয়া যায় না। সে মনে মনে বলে, “আমাদের লড়াই হওয়া উচিত ছিল ন্যায়বিচারের জন্য, প্রতিশোধের জন্য নয়।”

১৮ জুলাই ২০২৪, যাত্রাবাড়ির এই দিনটি স্থানীয়দের চিরকাল মনে থাকবে। সায়হান, এক তরুণ যোদ্ধা, এই যাত্রায় শুধু সাহসিকতার নয়, নৈতিকতারও উদাহরণ সৃষ্টি করে।

সায়হানের বন্ধুদের চোখে সে এখন নায়ক। কিন্তু তার মনে সবসময় একটি প্রশ্ন জেগে থাকে, “আমি কি ঠিক কাজ করলাম?”

শেষ পর্যন্ত, সে উপলব্ধি করে, “ভয়কে জয় করাই আসল সাহস। তবে দায়িত্বের পথে নৈতিকতা ভুলে গেলে সেই সাহস মূল্যহীন।”

সায়হানে চোখে পড়ে ভোরের সূর্যের প্রথম কিরণ। চোখে তার নতুন দিনের স্বপ্ন। এই স্বপ্নের ওপর ভর করে ভবিষ্যতের পথে এগিয়ে যাবে সায়হান।

আরও পড়ুন:

সায়হানের বন্ধু কথা বলা নদী।

শক্তির রহস্য।

সায়হানের বন্ধু কথা বলা নদী


সায়হান ছিল এক কল্পনাপ্রবণ বালক। গ্রামের পাশে খালের ধারে বসে বসে সে প্রায়ই কল্পনা করত এক অদ্ভুত জগতের। তার পছন্দ ছিল নিজের মতো করে এক জগৎ তৈরি করা, যেখানে সে রাজা হবে।

এক বিকালে, খালের ধারে বসে সায়হান তার নিজের দুনিয়ার ছবি আঁকছিল। কাগজে তার জগতে বিশাল পাখি, চমৎকার বৃক্ষ এবং কথা বলা নদী। হঠাৎ করেই খালের পানি অদ্ভুতভাবে দুলতে শুরু করে। সে বিস্মিত হয়ে দেখল পানিতে একটি গোলাকার আলো ফুটে উঠছে।

আলোর মধ্য থেকে একটি মিষ্টি স্বরের ডাক এলো, “সায়হান, সায়হান, আমাদের রাজ্যে এসো! আমরা তোমার অপেক্ষায় আছি।”

সায়হান একটু ভয় পেলেও, আবার কৌতূহলীও হলো। সে খালের আলোর দিকে এগিয়ে গেল। হঠাৎ সে অনুভব করল যেন মাটির নিচে কোনকিছু তাকে টানছে। কিছুক্ষণের মধ্যেই সে একটি অচেনা পৃথিবীতে পৌঁছে গেল।

নতুন পৃথিবীতে এসে সায়হান দেখল, একটি ছোট্ট প্রাণী তার সামনে দাঁড়িয়ে। এটা ছিল মাটির তৈরি একটা ছোট্ট প্রাণী। প্রাণীটি বলল, ভয় পেয় না। আমার নাম মাটুক। আমিই তোমাকে ডেকেছিলাম। আমাদের দুনিয়া বিশাল বড় বিপদে পড়েছে। তোমার সাহায্য দরকার। তুমি যদি আমাদেরকে বিপদমুক্ত করতে পারো, তবে তুমিই হবে আমাদের রাজা।”

মাটুকের সঙ্গে সায়হান এগিয়ে যেতে লাগল। চারদিকে অদ্ভুত সব প্রাণী; বড় বড় গাছ। আর কথা বলা নদী। কিন্তু সে বুঝতে পারল, এই রাজ্যে কোন একটা সমস্যা আছে। বিশাল এক ছায়ামূর্তি এই রাজ্যের সবকিছুকে গ্রাস করছে।

মাটুক বলল, “এই ছায়ামূর্তি আমাদের জীবনীশক্তি চুরি করে নিচ্ছে। শুধুমাত্র একজন সত্যিকারের রাজাই এটা থামাতে পারে।”

যাত্রাপথে সায়হান কয়েকজন নতুন বন্ধু পেল। যেমন ডানাদার শিয়াল রুধির এবং মিষ্টি মধুর গাছ ফুলিয়া। কিন্তু পথে তার শত্রুদের সঙ্গেও দেখা হলো। একদল ছায়ার প্রাণী সায়হানের পথ আটকাতে চাইল। রুধির আর ফুলিয়ার সাহায্যে সায়হান তাদের পরাজিত করল।

ছায়ামূর্তির রাজ্যে পৌঁছানোর আগে সায়হানকে তার সাহস এবং বুদ্ধিমত্তার পরীক্ষা দিতে হলো। একটি কাঁচের পাহাড়ে চূড়ায় উঠতে গিয়ে সে প্রায়ই পড়ে যাচ্ছিল। কিন্তু রুধির তাকে উড়তে শেখাল। আর মাটুক তাকে পাহাড়ে ওঠার সময় আটকে থাকার কৌশল শিখিয়ে দিল।

শেষ পর্যন্ত সায়হান ছায়ামূর্তির মুখোমুখি হলো। এটা ছিল এক বিশাল দানব; যার দেহ কালো ধোঁয়ায় আবৃত। সায়হান বুঝতে পারল, এই দানব আসলে তার নিজের ভয় এবং সন্দেহ।

দানবটি বলল, “তুমি কখনোই রাজা হতে পারবে না। তুমি দুর্বল।”

প্রথমে সায়হান সেই বিকট আওয়াজের কথা শুনে ভয় পেল। তারপর সে বড় করে শ্বাস নিল। তার ভেতরে সাহস এলো এবং বলল, “আমি জানি আমি কী হতে পারি। আমি আমার নিজের ভয়কে জয় করবো।”

এই কথা বলার সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটি ভেঙে পড়ল। আর সায়হান রাজ্যকে মুক্ত করল।

ছায়ামূর্তির পরাজয়ের পর, রাজ্যের প্রাণীরা সায়হানকে তাদের রাজা হিশাবে স্বীকৃতি দিল। তারা বলল, “তুমি আমাদের মুক্ত করেছ, সায়হান। তুমি আমাদের সত্যিকারের নেতা।”

মাটুক বলল, “এখন তুমি চাইলে এই রাজ্যেই থেকে যেতে পারো অথবা তোমার নিজস্ব পৃথিবীতে ফিরে যেতে পারো।”

সায়হান নিজের পৃথিবীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কারণ সে বুঝতে পারল, তার পরিবার এবং বন্ধুরাও তার জন্য অপেক্ষা করছে।

সায়হান তার নিজের পৃথিবীতে ফিরে এলো। কিন্তু সে আর আগের মতো নয়। সে এখন অনেক বেশি সাহসী, আত্মবিশ্বাসী এবং কল্পনাপ্রবণ।

গ্রামের লোকজন এখন সায়হানের কথা শুনতে চায়। তার কল্পনার গল্পগুলো সবাইকে মুগ্ধ করে। সায়হান বুঝতে পারে, কল্পনা আর বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা সম্ভব। সে তার অভিজ্ঞতাগুলো গল্পে রূপান্তর করে ছড়িয়ে দেয়। এভাবে একদিন সে নিজেও একজন মহান গল্পকার হয়ে ওঠে।

আরও পড়ুন:

অন্ধকার এবং শোষণের বিরুদ্ধে এক সাহসী পথিকের লড়াই।

শক্তির রহস্য।

এপিকটেটাসের দর্শন: আপনার মূল দায়িত্বে মনোযোগ দিন (Focus on Your Main Duty)

আমরা এখন এপিকটেটাসের দর্শন সম্পর্কে জানব। তিনি স্টোয়িক দর্শনের একজন প্রভাবশালী দার্শনিক।


আপনার মূল দায়িত্বে মনোযোগ দিন (Focus on Your Main Duty)।

বিনোদন এবং আনন্দের সময় ও স্থান আছে। তবে কখনোই সেগুলোকে আপনার প্রকৃত লক্ষ্যকে ছাড়িয়ে যেতে দিবেন না। আপনি যদি একটি অভিযানে থাকেন এবং জাহাজ কোনো বন্দরে নোঙর ফেলে, তবে পানি সংগ্রহ করতে কূলের দিকে যেতেই পারেন। আর সেই পথে শামুক বা উদ্ভিদ সংগ্রহ করতে পারেন। কিন্তু সতর্ক থাকুন; চোখ-কান খোলা রাখুন, ক্যাপ্টেনের ডাক শোনার জন্য কান খাড়া রাখুন। মনোযোগ জাহাজের দিকে রাখুন। অপ্রয়োজনীয় কাজকর্মে বিভ্রান্ত হওয়া খুবই সহজ। ক্যাপ্টেন ডাকলেই আপনাকে সেই বিনোদন ছেড়ে তৎক্ষণাৎ জাহাজে ফিরে যেতে হবে। পিছনে তাকানোর সময় থাকবে না।

যদি আপনার বয়স বেশি হয়, তবে জাহাজ থেকে বেশি দূরে যাবেন না। না হলে ডাক পড়লে আপনি ফিরে আসতে নাও পারেন।

এরকম আরও বক্তব্য পাবেন এপিকটেটাস রচিত দি আর্ট অফ লিভিং বইয়ে।

এর সাথে সম্পৃক্ত পিঁপড়া এবং ঘাসফড়িং এর গল্প শুনব। এটা একটা ক্লাসিক রূপকথার গল্প। লিখেছেন প্রাচীন গ্রিক দার্শনিক ঈশপ (Aesop)। এই গল্পটি কঠোর পরিশ্রম, দূরদর্শিতা এবং দায়িত্বশীলতার মূল্য শেখায়। গল্পটি ছোট হলেও এতে একটি গভীর শিক্ষা লুকিয়ে রয়েছে।

“এক গ্রীষ্মকালে, পিঁপড়ারা ব্যস্ত ছিল শীতের জন্য খাদ্য সংগ্রহে। তারা ধীরে ধীরে শস্যদানা সংগ্রহ করছিল এবং নিজের বাসার ভেতর মজুদ করছিল। অন্যদিকে, ঘাসফড়িং বিনোদনে মত্ত ছিল। সে গান গাইছিল, নাচছিল। আর পিঁপড়াদের বলছিল, “তোমরা এত কষ্ট করছ কেন? এখন তো আনন্দ করার সময়। শীত আসতে তো অনেক দেরি।”

পিঁপড়ারা জবাব দিল, “আমরা শীতের প্রস্তুতি নিচ্ছি। তখন আমাদের খাদ্যের প্রয়োজন হবে। কিন্তু তা পাওয়া যাবে না। তুমি কেন আমাদের মতো কাজ করছ না?” ঘাসফড়িং তাদের উপদেশ উপেক্ষা করল এবং তার মজার জীবন চালিয়ে গেল।

কিন্তু দেখতে দেখতেই শীতকাল চলে এলো। ঘাসফড়িং দেখতে পেল যে তার ঘরে খাবার নেই। তাই সে শীতে অনেক কষ্ট পাচ্ছে। সে পিঁপড়াদের কাছে সাহায্যের জন্য গেল। পিঁপড়ারা তাকে শিক্ষা দিল, “তুমি গ্রীষ্মকালে কাজ করতে পারতে। কিন্তু তুমি তা করোনি। এখন শীতকালের কষ্ট তোমাকে সহ্য করতেই হবে।”

শিক্ষণীয় বিষয়: এই গল্পটি দায়িত্বশীলতা এবং পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে। এটা শেখায় যে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা এবং সময়মতো কাজ করা কতটা গুরুত্বপূর্ণ। ঘাসফড়িংয়ের অবহেলা ও উদাসীনতা তার দুঃখের কারণ হয়েছিল। অথচ পিঁপড়াদের দূরদর্শিতা এবং পরিশ্রম তাদের নিরাপত্তা নিশ্চিত করেছিল।

সাম্প্রতিক প্রাসঙ্গিকতা: গল্পটি আধুনিক জীবনে ব্যক্তিগত দায়িত্ব এবং অর্থনৈতিক সঞ্চয়ের গুরুত্ব বোঝাতে ব্যবহৃত হয়। এটা একটা সুন্দর উদাহরণ যে কীভাবে ছোট ছোট রূপকথাগুলো আমাদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য মূল্যবান শিক্ষা দেয়।

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *