The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master)

সূত্র ২:

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master)

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি।

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না

মূলনীতি (JUDGMENT):

আপনার চেয়ে ক্ষমতাবান বা পদমর্যাদায় উঁচুতে থাকা ব্যক্তিদের সবসময় এমন অনুভব করান, যেন তারা আপনার চেয়ে বেশি যোগ্য ও প্রতিভাবান। তাদের সন্তুষ্ট বা মুগ্ধ করতে গিয়ে নিজের দক্ষতা ও প্রতিভাকে বেশি প্রকাশ করবেন না। কারণ, এতে হিতে বিপরীত হতে পারে। তারা আপনার প্রতিভায় মুগ্ধ হওয়ার পরিবর্তে আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাবতে পারে। এমনকি আপনার প্রতি তাদের মনে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে।

বরং তাদের এমনভাবে উপস্থাপন করুন, যাতে তারা নিজেদের আরও বুদ্ধিমান, যোগ্য ও প্রতিভাবান বলে মনে করেন। তাদের কৃতিত্ব ও শ্রেষ্ঠত্বকে উজ্জ্বল করে তুলুন। মনে রাখবেন, যারা আপনার চেয়ে ক্ষমতাবান, তাদের অহংবোধে আঘাত না করে; বরং তাদের শ্রেষ্ঠত্বের অনুভূতিকে সম্মান জানাতে পারলেই আপনার ক্ষমতা ও সাফল্যের শিখরে পৌঁছানোর পথ সহজ হবে।

ক্ষমতার চাবিকাঠি (KEYS TO POWER):

প্রত্যেক মানুষের মধ্যেই কোন না কোন ধরনের নিরাপত্তাহীনতা কাজ করে। আপনি যখন নিজের প্রতিভা ও দক্ষতা প্রকাশ করেন এবং অন্যদের সামনে নিজেকে মেলে ধরেন, তখন স্বাভাবিকভাবেই কারও কারও মনে ঈর্ষা, ক্ষোভ, বিরক্তি কিংবা হীনম্মন্যতা তৈরি হতে পারে। এটাই স্বাভাবিক। অন্যের ছোটখাটো আবেগ ও অনুভূতির কথা ভেবে আপনি সারাজীবন কাটাতে পারেন না। তবে আপনার চেয়ে ক্ষমতা বা পদমর্যাদায় উঁচুতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে আপনাকে ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। কারণ, ক্ষমতার খেলায় নিজের ঊর্ধ্বতন ব্যক্তিকে ছাপিয়ে যাওয়ার চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না।

নিজেকে এই ভেবে সান্ত্বনা দিবেন না যে, রাজা চতুর্দশ লুই কিংবা মেডিচি পরিবারের শাসনামলের পর পৃথিবী অনেক বদলে গেছে। বাস্তবতা হলো, সমাজে যারা উচ্চ অবস্থানে পৌঁছায়, তাঁদের মানসিকতা অনেকটা রাজা-রানিদের মতোই। তারা নিজেদের অবস্থান নিয়ে নিরাপদ বোধ করতে চান। একই সঙ্গে আশপাশের মানুষের তুলনায় নিজেদের বেশি বুদ্ধিমান, রসিক এবং আকর্ষণীয় হিসেবে দেখতে পছন্দ করেন।

অনেকেই একটি মারাত্মক ভুল ধারণা পোষণ করেন। তারা মনে করে, নিজের প্রতিভা ও যোগ্যতা যত বেশি প্রকাশ করা যাবে, ঊর্ধ্বতন ব্যক্তির মন তত বেশি জয় করা সম্ভব হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। তিনি হয়তো মুখে আপনার প্রশংসা করবেন, এমনকি আপনার প্রতি মুগ্ধতা প্রকাশ করবেন। কিন্তু আপনাকে সরিয়ে দেওয়ার সুযোগ পেলেই তিনি এমন কাউকে বেছে নিবেন, যিনি আপনার তুলনায় কম বুদ্ধিমান, কম আকর্ষণীয় এবং তার অবস্থানের জন্য কম হুমকিস্বরূপ।

এই আইনটি বুঝতে হলে ২টি বিষয় মনে রাখতে হবে।

প্রথমত, আপনি নিজের স্বাভাবিক গুণাবলি প্রকাশ করতে গিয়েও অজান্তে ঊর্ধ্বতন ব্যক্তিকে ছাপিয়ে যেতে পারেন। সব ঊর্ধ্বতন ব্যক্তি এক রকম নয়। কেউ কেউ অন্যদের তুলনায় অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভোগে। তাদের আত্মম্ভরিতা এবং অহংবোধও অত্যন্ত প্রবল হতে পারে। আপনার স্বাভাবিক ব্যক্তিত্ব, আকর্ষণীয় আচরণ কিংবা মার্জিত কথাবার্তাও তাদের কাছে নিজের শ্রেষ্ঠত্বের জন্য হুমকি মনে হতে পারে।

আপনি যদি স্বভাবগতভাবেই আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন, তাহলে এ ধরনের আত্মম্ভরী মানুষদের এড়িয়ে চলতে শিখুন। আর যদি তা সম্ভব না হয়, তাহলে তাদের সামনে নিজের ভালো গুণগুলোর প্রকাশ কিছুটা নিয়ন্ত্রণ করতে শিখুন।

দ্বিতীয়ত, কখনোই ভাববেন না যে ঊর্ধ্বতন ব্যক্তি আপনাকে পছন্দ করে বলে আপনি যা খুশি করতে পারবেন। ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ রয়েছে, যেখানে ঊর্ধ্বতন ব্যক্তির প্রিয়পাত্র হওয়ার পরও অনেকে নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি। তারা নিজেদের গুরুত্বকে অতিরিক্তভাবে বিবেচনা করেছে এবং একপর্যায়ে এমন আচরণ করেছে, যা তাদের ঊর্ধ্বতন ব্যক্তিকেও ছাপিয়ে গেছে। শেষ পর্যন্ত তাদের সেই প্রিয় অবস্থান আর টেকেনি।

ঊর্ধ্বতন ব্যক্তিকে ছাপিয়ে যাওয়ার বিপদ সম্পর্কে সচেতন থাকলে আপনি এই আইনকেই নিজের সুবিধায় কাজে লাগাতে পারবেন।

প্রথমেই আপনাকে ঊর্ধ্বতন ব্যক্তির প্রশংসা করতে হবে এবং তার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাকে শক্তিশালী করতে হবে। সরাসরি প্রশংসা করেও কাজ হতে পারে, তবে এর সীমাবদ্ধতা রয়েছে। কারণ, অতিরিক্ত সরাসরি প্রশংসা অনেক সময় নকল এবং উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়। আশপাশের মানুষও বিষয়টি সহজেই বুঝতে পারে।

এর চেয়ে সূক্ষ্মভাবে প্রশংসা করা অনেক বেশি কার্যকর।

ধরুন, আপনি আপনার ঊর্ধ্বতন ব্যক্তির চেয়ে বেশি বুদ্ধিমান। সেই ক্ষেত্রে নিজেকে তার চেয়ে কম বুদ্ধিমান হিসেবে উপস্থাপন করুন। প্রয়োজনে কিছুটা সরল আচরণ করুন। এমন ধারণা তৈরি করুন যে, তার অভিজ্ঞতা ও পরামর্শ আপনার প্রয়োজন। এমন কিছু ছোটখাটো ভুল করুন, যেগুলো আপনার দীর্ঘমেয়াদি ক্ষতি করবে না, কিন্তু তার কাছ থেকে সাহায্য চাওয়ার সুযোগ তৈরি করবে।

মনে রাখবেন, ঊর্ধ্বতন ব্যক্তিরা অনেক সময় নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন। তাদের কাছে সাহায্য চাইলে তারা নিজেদের গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ বলে অনুভব করে। অন্যদিকে, তারা যদি মনে করে যে আপনার ওপর তাদের জ্ঞান বা অভিজ্ঞতার কোন প্রভাব নেই, তাহলে আপনার প্রতি তাদের বিরূপ মনোভাব তৈরি হতে পারে।

আপনার চিন্তাভাবনা যদি ঊর্ধ্বতন ব্যক্তির চেয়ে বেশি সৃজনশীল হয়, তাহলে নিজের ধারণাগুলো তার নামে উপস্থাপন করুন। সম্ভব হলে সবার সামনেই তাকে কৃতিত্ব দিন। এমনভাবে বিষয়টি তুলে ধরুন, যেন আপনার পরামর্শ আসলে তার দেওয়া পরামর্শেরই প্রতিফলন।

আপনি যদি স্বভাবগতভাবে তার চেয়ে বেশি মিশুক, বন্ধুবৎসল ও উদার হন, তাহলে সতর্ক থাকুন। আপনার ব্যক্তিত্ব যেন অন্যদের চোখে তার গুরুত্ব ও উজ্জ্বলতাকে ম্লান করে না দেয়। তাকে এমনভাবে উপস্থাপন করুন, যেন তিনিই সূর্য, আর চারপাশের সবাই তাকে ঘিরে আবর্তিত হচ্ছে। তার ব্যক্তিত্ব, ক্ষমতা ও প্রতিভাই যেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকে।

এসব ক্ষেত্রে নিজের শক্তি ও যোগ্যতাকে আড়াল করা কোন দুর্বলতা নয়, যদি শেষ পর্যন্ত তা আপনাকে ক্ষমতা ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। অন্যদের নিজের চেয়ে বেশি উজ্জ্বল হওয়ার সুযোগ দিয়ে আপনি আসলে নিজের অবস্থান ও নিয়ন্ত্রণ ধরে রাখেন। অন্যের নিরাপত্তাহীনতার শিকার হওয়ার ঝুঁকি থেকেও নিজেকে রক্ষা করে।

এই কৌশল ভবিষ্যতে আপনার কাজে আসবে, যখন আপনি নিজের বর্তমান অবস্থান ছাড়িয়ে আরও উঁচুতে পৌঁছাতে চাইবেন। আপনি যদি আপনার ঊর্ধ্বতন ব্যক্তিকে অন্যদের চোখে আরও বেশি মর্যাদাবান ও প্রতিভাবান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে তিনি আপনাকে নিজের জন্য আশীর্বাদ মনে করবেন। আর তখনই আপনার পদোন্নতি বা ক্ষমতার পরবর্তী ধাপে পৌঁছানোর পথ অনেক সহজ হয়ে যাবে।

প্রতীক: আকাশের তারা (The Stars in the Sky):

এক সময়ে আকাশে কেবল একটি সূর্যই থাকে। কখনো সূর্যের আলোকে আড়াল করবেন না, কিংবা তার উজ্জ্বলতার সঙ্গে প্রতিযোগিতা করতে যাবেন না। বরং আকাশের তারার মতো নিজের আলো কিছুটা ম্লান করে রাখুন। এমনভাবে নিজেকে উপস্থাপন করুন, যাতে আপনার ঊর্ধ্বতন ব্যক্তির উজ্জ্বলতা আরও বেশি করে প্রকাশ পায়।

কর্তৃত্বের বাণী (AUTHORITY):

কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না।

অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা সবসময়ই অপছন্দনীয়। কিন্তু একজন অধীনস্থ ব্যক্তি যদি নিজের শাসক বা ঊর্ধ্বতন ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠত্ব দেখাতে চায়, তাহলে তা শুধু বোকামিই নয়, মারাত্মক বিপদের কারণও হতে পারে।

আকাশের তারাগুলো আমাদের এই শিক্ষা দেয়। তারাগুলো সূর্যেরই মতো উজ্জ্বল হতে পারে, এমনকি সূর্যের সঙ্গে তাদের সম্পর্কও রয়েছে। কিন্তু সূর্য যখন আকাশে উপস্থিত থাকে, তখন তারা কখনোই নিজেদের প্রকাশ করে না।

— বালতাসার গ্রাসিয়ান (১৬০১–১৬৫৮)

The 48 Laws of Power by Robert Greene Bangla বইয়ের ৪৮টি সূত্র।

তথ্যসূত্র: Greene, Robert. The Concise 48 Laws of Power. Profile Books, 2002.


৫ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি ২০২৭

ছবিসূত্র: https://networkbangladesh.com/election-commission-intensifies-preparations-for-local-government-polls-beginning-with-union-parishad-elections-in-october/


প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম ব্যবহার হচ্ছে না।

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি, ২০২৭।


গত ১২ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের তা জানান। ঘোষিত সূচি অনুযায়ী দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপ ২৭ মে।


রোববার (৮ নভেম্বর ২০২৬) নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে ভোটের প্রস্তুতি চলছে। আবহাওয়া ও উপকূলীয় এলাকাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় অধিকাংশ ইউপির নির্বাচন প্রথম দুই ধাপে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। মজুত ইভিএমের চূড়ান্ত হিসাব-নিকাশ শুরু হয়েছে। সেগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে।


স্থানীয় সরকারের এই তৃণমূল নির্বাচনকে সামনে রেখে কমিশন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।


তথ্যসূত্র: বিডিনিউজ২৪, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দৈনিক ইত্তেফাক, আজকের পত্রিকা, এনটিভি অনলাইন, ঢাকা টাইমস, ঢাকা টুডেসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অবলম্বনে।

জনগণের টাকা আছে, কিন্তু জবাবদিহি করার মানুষ নেই!



বাংলাদেশের টাকা নেই, দেশ গরিব—এমন কথা আমরা প্রায়ই শুনি। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্রের হাতে থাকা হাজার হাজার কোটি টাকা কোথায় যাচ্ছে?


একদিকে প্রায় ৩ হাজার ৮২৫ কোটি টাকার ইভিএম এখন ধ্বংসের মুখে। অন্যদিকে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বিআরটি প্রকল্প বাতিলের পর স্টেশন ভাঙতেই আবার খরচ করতে হবে ৪৫ কোটি টাকা!


মাত্র দুটি প্রকল্প ঘিরেই প্রায় ৭ হাজার কোটি টাকার অপচয়ের চিত্র সামনে এসেছে। এই টাকা কার? কোনো মন্ত্রী, আমলা কিংবা প্রকল্প পরিচালকের ব্যক্তিগত সম্পদ? না, এই টাকা সাধারণ মানুষের। কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী—প্রত্যেকের ঘাম ঝরানো উপার্জন থেকে আসা ট্যাক্সের টাকা।


জনগণের কাছ থেকে ট্যাক্সের টাকা আদায়ের সময় রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব নিতে পিছপা হন না। অথচ সেই টাকা কোথায়, কীভাবে এবং কেন খরচ হলো, প্রত্যাশিত ফলাফল কেন পাওয়া গেল না—এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় কাউকে খুঁজে পাওয়া যায় না।


প্রকল্প ব্যর্থ হলে দায় কার? জনগণের টাকা অপচয় হলে ক্ষতিপূরণ দেবে কে?


রাষ্ট্র গরিব কি না, তার চেয়েও বড় প্রশ্ন হলো, রাষ্ট্রের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার মতো জবাবদিহি ও রাজনৈতিক সদিচ্ছা আমাদের আছে কি না।


জনগণের টাকা খরচ করার অধিকার মানেই জনগণের কাছে জবাবদিহি করার বাধ্যবাধকতা।

তথ্যসূত্র/Source:

১। Samakal: https://samakal.com/politics/article/381819/%E0%A7%A9%E0%A7%AE%E0%A7%A8%E0%A7%AB-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AE-%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%82%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87,

২। Bonikbarta: https://bonikbarta.com/bangladesh/iSifc6GBVV4X31K4

চিন্তা, স্বপ্ন ও লক্ষ্য নিয়ে ১০টি অনুপ্রেরণামূলক উক্তি (১১–২০)


ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি।

আপনি যা ভাবেন, যেদিকে হাঁটেন আর যা কিছু পেতে চান, এই তিন মিলেই ঠিক হয় আপনি কোথায় পৌঁছাবেন। চিন্তা, স্বপ্ন ও লক্ষ্য নিয়ে এই ১০টি কথা আপনার পথ পরিষ্কার করতে সাহায্য করবে।

  1. উক্তি ১১
    আমাদের আচরণই গড়ে তোলে আমাদের ভবিষ্যৎ।

    — নেপোলিয়ন হিল

  2. উক্তি ১২
    নিজেকে খুঁজে পেতে হলে নিজের মতো করে ভাবুন।

    — সক্রেটিস

  3. উক্তি ১৩
    স্বপ্ন সেটা নয়, যা আপনি ঘুমিয়ে দেখেন। স্বপ্ন সেটাই, যা আপনাকে ঘুমাতে দেয় না।
  4. উক্তি ১৪
    ভিড়ের সঙ্গে ভুল পথে চলার চেয়ে ঠিক পথে একা চলা ভালো।
  5. উক্তি ১৫
    যারা সাফল্য অর্জন করে, তাদের লক্ষ্য সবসময় সুনির্দিষ্ট থাকে, কারণ তারা জানে তারা কোথায় যাচ্ছে। ব্যাপারটা এতই সহজ।
  6. উক্তি ১৬
    মনই সবকিছু। আপনি যা ভাবেন, আপনি তা-ই হয়ে ওঠেন।

    — সক্রেটিস

  7. উক্তি ১৭
    হাজার মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপ দিয়ে।

    — চীনা দার্শনিক লাও জু

    সাফল্যের জন্য প্রথম পদক্ষেপ কি নিয়েছেন?

  8. উক্তি ১৮
    যেখানেই যান, পুরো হৃদয় দিয়ে যান।

    — কনফুসিয়াস

  9. উক্তি ১৯
    সবকিছুরই সৌন্দর্য আছে, কিন্তু সবাই তা দেখতে পায় না।

    — কনফুসিয়াস

  10. উক্তি ২০
    সুনির্দিষ্ট আকাঙ্ক্ষাই সাফল্যের প্রথম ধাপ।

সুযোগ আসে না, বানাতে হয়: নীল নদের যুদ্ধের শিক্ষা


ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি।

“এখানে ‘যদি’-র কোন জায়গা নেই” - ১৭৯৮ সালের এক বিকেলে নেলসন যা বলেছিলেন, তা আজও আপনার জীবন বদলে দিতে পারে।

১ আগস্ট, ১৭৯৮। দুপুর দুইটা।

মিশরের উপকূলে আবুকির উপসাগরে নোঙর ফেলে আছে ফরাসি নৌবহর। দূর থেকে তাদের মাস্তুল দেখা যাচ্ছে। ব্রিটিশ জাহাজে তখন চাপা উত্তেজনা। সেখানে পৌঁছেছেন নৌবাহিনীর উপপ্রধান সেনাপতি হোরেশিও নেলসন। দিন প্রায় শেষ, আলো কমে আসছে, আর শত্রুর সংখ্যা এবং শক্তি দুটোই বেশি। অনেক অভিজ্ঞ অফিসার ভাবছিলেন, আজ নয়, কাল দেখা যাক।

নেলসন ভাবলেন অন্যরকম। ক্যাপ্টেনদের ডেকে তিনি পুরো পরিকল্পনা বুঝিয়ে দিলেন।

ক্যাপ্টেন বেরি উৎসাহে জিজ্ঞেস করলেন,
“স্যার, আমরা যদি জিতি, তাহলে বিশ্ব কী বলবে?”

নেলসন এক মুহূর্তও দ্বিধা করলেন না।
“এখানে ‘যদি’-র কোনো জায়গা নেই। আমরা জিতবই। আর না জিতলে কি কেউ বেঁচে থাকবে। সেটা অন্য কথা।”

তারপর বললেন সেই কথা, যা ইতিহাসে রয়ে গেছে:
“কাল সকালের আগে হয় আমি একটি খেতাব জিতব, নয়তো ওয়েস্টমিনস্টার অ্যাবির কবরস্থানে আমার কবর হবে।”

সন্ধ্যায় তিনি আক্রমণ করলেন। ইতিহাস জানে, তিনি জিতেছিলেন। এই জয়ের পুরস্কার হিসেবে তিনি পান “নীল নদের ব্যারন” খেতাব।

একই দৃশ্য, দুই রকম চোখ

ওই বিকেলে সবার সামনে একই সমুদ্র, একই শত্রু, একই আকাশ ছিল। অন্যরা দেখেছিলেন ঝুঁকি। নেলসন দেখেছিলেন সুযোগ।

পার্থক্যটা পরিস্থিতিতে ছিল না। ছিল দেখার চোখে।

আর নেলসনের "সুযোগ" কেউ তাঁর হাতে তুলে দেয়নি। শত্রুর মুখোমুখি হয়ে, কম সময় আর কঠিন হিসাবের মধ্যেই তিনি সেটা তৈরি করে নিয়েছিলেন।

আপনার "নীল নদ" কোথায়?

আমরা প্রায়ই বলি, “সুযোগ এলে করব।” কিন্তু সত্যি হলো:

  • সুযোগ আসে না, সুযোগ নিজেকে তৈরি করতে হয়।
  • পৃথিবীতে কোন কাজ নিজে নিজে শুরু হয়নি। কেউ না কেউ প্রথম পা ফেলেছে।
  • কাল যখন মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার ডাক আসবে, আপনার প্রস্তুতি শুরু করতে হবে আজ থেকেই।

চীনের দার্শনিক লাও জু হাজার বছর আগে তাও তে চিং গ্রন্থে লিখে গেছেন:

“হাজার মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপ দিয়ে।”

আজই করার মতো ৩টি কাজ:

  1. আপনার “যদি”-টা লিখে ফেলুন। “যদি পারি, যদি হয়, যদি কেউ হাসে।” তারপর সেটা কেটে লিখুন: “আমি করব।”
  2. একটা ছোট কাজ বেছে নিন, যা আজ ১৫ মিনিটে করা যায়। একটা ফোন, একটা খসড়া, খাতা বা নোটবুকে একটা পাতা লিখুন।
  3. সেটা এখনই করুন। কাল নয়, “মুড এলে” নয়।

সুযোগের জন্য অপেক্ষা করবেন না। শুরু করুন, সুযোগ আপনার পিছু নিবে।

আপনি আজ কোন কাজটা শুরু করছেন? নিচে কমেন্টে লিখে ফেলুন। লিখে ফেললেই অর্ধেক শুরু হয়ে যায়।

স্বপ্ন, বিশ্বাস ও সাহস নিয়ে ১০টি অনুপ্রেরণামূলক উক্তি (১–১০)

personal development, positive thinking, success

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি।

স্বপ্ন দেখা সহজ। কিন্তু স্বপ্ন পূরণ করতে লাগে সেই স্বপ্নে বিশ্বাস করা, বুকে সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়া এবং নিয়মিত কাজ করা। কাজ শুরু করার আগে এই ১০টি কথা একবার পড়ে নিন।

  1. উক্তি ০১:
    আপনি পারবেন, এই বিশ্বাস থাকলে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। - অজানা বক্তা
  2. উক্তি ০২:
    সবকিছুতে ভালো হওয়ার চেষ্টায় জীবন কাটালে কোনকিছুতেই মহান হওয়া যায় না।

    — টম রাথ

  3. উক্তি ০৩:
    সাহস না থাকলে গল্পও তৈরি হয় না।

    — ক্রিস ব্র্যাডি

  4. উক্তি ০৪:
    অন্যকে প্রভাবিত করার একটি উপায় নয়, একমাত্র উপায়ই হলো দৃষ্টান্ত।

    — আলবার্ট শোয়াইৎজার

  5. উক্তি ০৫:
    মহান নেতাকে নিজে সবচেয়ে বড় কাজটি করে দেখাতে হয় না। তিনি অন্যদের দিয়ে বড় কাজ করিয়ে নেন।

    — রোনাল্ড রিগ্যান

  6. উক্তি ০৬:
    আমরা এখানে একটি কারণে আছি। আমার বিশ্বাস, সেই কারণের একটি অংশ হলো ছোট একটি বাতি জ্বেলে মানুষকে অন্ধকার পেরিয়ে পথ দেখানো।

    — উপি গোল্ডবার্গ

  7. উক্তি ০৭:
    সাধারণ শিক্ষক শুধু বলেন। ভালো শিক্ষক ব্যাখ্যা করেন। উত্তম শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন।

    — উইলিয়াম আর্থার ওয়ার্ড

  8. উক্তি ০৮:
    শুধু আশা করে বসে থাকবেন না, এর জন্য কাজ করুন।
  9. উক্তি ০৯:
    যা-ই সিদ্ধান্ত নিন, নিশ্চিত হোন যে সেটি আপনাকে খুশি করে।
  10. উক্তি ১০:
    আজই এমন কিছু করুন, যার জন্য ভবিষ্যতের আপনি নিজেকে ধন্যবাদ জানাবেন।

চিল, কাক এবং শিয়ালের ছোট গল্প

THE KITES, THE CROWS, AND THE FOX

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি।

একদিন চিল ও কাকেরা নিজেদের মধ্যে একটি চুক্তি করল। তারা ঠিক করল, বনে যা কিছু পাওয়া যাবে, সবকিছুই তারা সমান ভাগে ভাগ করে নিবে।

কিছুদিন পর একদিন তারা দেখল, শিকারিদের আঘাতে একটি শিয়াল আহত হয়েছে। গাছের নিচে অসহায় অবস্থায় পড়ে আছে। এই সুযোগ দেখে তারা সবাই শিয়ালটিকে ঘিরে ধরল।

কাকেরা বলল, ‘আমরা শিয়ালের শরীরের ওপরের অংশ নিব।’

চিলেরা বলল, ‘তাহলে আমরা নিব নিচের অংশ।’

তাদের কথা শুনে শিয়াল মুচকি হেসে বলল, ‘আমার তো মনে হয়, প্রাণীজগতে চিলেরা কাকের চেয়ে অনেক উন্নত। তাই শিয়ালের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—মাথা, মগজ ও অন্যান্য মূল্যবান অঙ্গসহ উপরের অংশটুকু তাদেরই পাওয়া উচিত।’

শিয়ালের কথা শুনে চিলেরা খুশি হয়ে বলল, ‘হ্যাঁ, কথাটা ঠিক। আমরা ওপরের অংশটুকুই নিব।’

কিন্তু কাকেরা আপত্তি জানিয়ে বলল, ‘তা হবে কেন? আমাদের চুক্তি অনুযায়ী ওই অংশ আমাদেরই পাওয়ার কথা।’

এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হলো তুমুল মারামারি। একপর্যায়ে সেটা ভয়ংকর যুদ্ধে রূপ নিল। যুদ্ধে উভয় পক্ষের অনেক পাখি মারা পড়ল। আর যারা বেঁচে রইল, তারা কোনমতে প্রাণ নিয়ে পালিয়ে গেল।

এদিকে শিয়ালটি বেশ কয়েক দিন সেখানেই পড়ে রইল। সে নিশ্চিন্তে মৃত চিল ও কাকগুলো খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এরপর বেশ হৃষ্টপুষ্ট অবস্থায় জায়গাটি ছেড়ে চলে গেল।

যাওয়ার সময় সে মনে মনে বলল,

‘শক্তিশালীদের পারস্পরিক বিবাদে শেষ পর্যন্ত লাভবান হয় দুর্বলরাই।’

— ভারতীয় রূপকথা


তথ্যসূত্র: Greene, Robert. The 48 Laws of Power. Profile Books Ltd, 1998. Law 20, page 145.


লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *