Post Page Advertisement [Top]

THE KITES, THE CROWS, AND THE FOX

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি।

একদিন চিল ও কাকেরা নিজেদের মধ্যে একটি চুক্তি করল। তারা ঠিক করল, বনে যা কিছু পাওয়া যাবে, সবকিছুই তারা সমান ভাগে ভাগ করে নিবে।

কিছুদিন পর একদিন তারা দেখল, শিকারিদের আঘাতে একটি শিয়াল আহত হয়েছে। গাছের নিচে অসহায় অবস্থায় পড়ে আছে। এই সুযোগ দেখে তারা সবাই শিয়ালটিকে ঘিরে ধরল।

কাকেরা বলল, ‘আমরা শিয়ালের শরীরের ওপরের অংশ নিব।’

চিলেরা বলল, ‘তাহলে আমরা নিব নিচের অংশ।’

তাদের কথা শুনে শিয়াল মুচকি হেসে বলল, ‘আমার তো মনে হয়, প্রাণীজগতে চিলেরা কাকের চেয়ে অনেক উন্নত। তাই শিয়ালের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—মাথা, মগজ ও অন্যান্য মূল্যবান অঙ্গসহ উপরের অংশটুকু তাদেরই পাওয়া উচিত।’

শিয়ালের কথা শুনে চিলেরা খুশি হয়ে বলল, ‘হ্যাঁ, কথাটা ঠিক। আমরা ওপরের অংশটুকুই নিব।’

কিন্তু কাকেরা আপত্তি জানিয়ে বলল, ‘তা হবে কেন? আমাদের চুক্তি অনুযায়ী ওই অংশ আমাদেরই পাওয়ার কথা।’

এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হলো তুমুল মারামারি। একপর্যায়ে সেটা ভয়ংকর যুদ্ধে রূপ নিল। যুদ্ধে উভয় পক্ষের অনেক পাখি মারা পড়ল। আর যারা বেঁচে রইল, তারা কোনমতে প্রাণ নিয়ে পালিয়ে গেল।

এদিকে শিয়ালটি বেশ কয়েক দিন সেখানেই পড়ে রইল। সে নিশ্চিন্তে মৃত চিল ও কাকগুলো খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এরপর বেশ হৃষ্টপুষ্ট অবস্থায় জায়গাটি ছেড়ে চলে গেল।

যাওয়ার সময় সে মনে মনে বলল,

‘শক্তিশালীদের পারস্পরিক বিবাদে শেষ পর্যন্ত লাভবান হয় দুর্বলরাই।’

— ভারতীয় রূপকথা


তথ্যসূত্র: Greene, Robert. The 48 Laws of Power. Profile Books Ltd, 1998. Law 20, page 145.


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]