দুই অভিযাত্রীর ছোট গল্প

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি।

হারকিউলিসের অসাধারণ কীর্তিগুলো ছিল তাঁর দুঃসাহসিক অভিযানেরই ফল। উপকথা কিংবা ইতিহাসে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিল—এমন প্রমাণ খুব বেশি পাওয়া যায় না। তবু একটি ঘটনা লিপিবদ্ধ আছে। একবার এক দুঃসাহসী অভিযাত্রী তার এক সঙ্গীকে নিয়ে ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়লেন। তারা চলে গেলন দূর এক দেশে।

অনেক দূর যাওয়ার পর তার সঙ্গীর চোখে পড়ল একটি খুঁটি। খুঁটিতে লেখা ছিল—

“হে সাহসী অভিযাত্রী! আপনি যদি এমন কিছু আবিষ্কার করতে চান, যা এর আগে কোন অভিযাত্রী কখনো দেখেনি, তাহলে আপনাকে শুধু এই প্রবল স্রোতের নদী পার হতে হবে। এরপর একটি পাথরের হাতিকে দুই হাতে তুলে এক নিঃশ্বাসে এই পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে হবে। পাহাড়টির সুউচ্চ চূড়া যেন আকাশের সঙ্গে মিশে গেছে।”

লেখাটি পড়ে অভিযাত্রীর সঙ্গী বলল, “কিন্তু নদীর স্রোত যেমন প্রবল হতে পারে, তেমনি এর গভীরতাও বেশি হতে পারে। ধরুন, কোনভাবে আমরা নদীটি পার হলাম। কিন্তু তারপর এই হাতিকে বহন করে নিয়ে যাওয়ার কী দরকার? কী হাস্যকর একটা কাজ!”

এরপর সে বেশ যুক্তি দেখিয়ে এবং হিসাব-নিকাশ করে বলতে লাগল, “হাতিটিকে বড়জোর চার পা পর্যন্ত বহন করা যেতে পারে। কিন্তু এক নিঃশ্বাসে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া কোন মানুষের পক্ষে সম্ভব নয়। তবে হাতিটি যদি খেলনার মতো ছোট হয়, যা শুধু একটি লাঠির মাথায় বসিয়ে রাখা যায়, তাহলে হয়তো সম্ভব। কিন্তু তাতে আর কিসের গৌরব? এমন অভিযানে কী সম্মান পাওয়া যাবে?”

সে আরও বলল, “এই লেখার মধ্যে নিশ্চয়ই কোন ধোঁকা আছে। এটি আসলে এমন একটি ধাঁধা, যা দিয়ে শিশুদের মনোরঞ্জন করা যায়। তাই আমি তোমাকে এবং তোমার হাতিকে এখানেই ছেড়ে যাচ্ছি।”

এ কথা বলে যুক্তিবাদী সঙ্গীটি চলে গেল।

কিন্তু দুঃসাহসী অভিযাত্রী কোনকিছু না ভেবেই চোখ বন্ধ করে নদীর স্রোতে ঝাঁপিয়ে পড়ল। নদীর গভীরতা কিংবা প্রবল স্রোত—কোনটিই তাকে থামাতে পারল না। অপর পারে পৌঁছে তিনি দেখলেন, খুঁটির লেখায় যেমন বলা হয়েছিল, ঠিক তেমনই একটি হাতি সেখানে পড়ে আছে।

তিনি হাতিটিকে তুলে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। সেখানে একটি শহর দেখতে পেলেন। হঠাৎ হাতিটির ভিতর থেকে এক ধরনের চিৎকারের শব্দ বের হয়ে এল। এতে করে শহরের মানুষজন আতঙ্কিত হয়ে পড়ল। তারা অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে এল। কিন্তু অভিযাত্রী বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি মনে মনে স্থির করলেন, প্রয়োজনে বীরের মতো মৃত্যুবরণ করবেন।

তবে শহরের মানুষ তার উপস্থিতিতে এতটাই অভিভূত হলো যে, তারা তাকে তাদের সদ্য প্রয়াত রাজার উত্তরসূরি হিসেবে ঘোষণা করল। এ ঘটনা শুনে অভিযাত্রী নিজেও বিস্মিত হয়ে গেলেন।

উপকথা: জ্যঁ দ্য লা ফঁতেন (১৬২১–১৬৯৫) (Fables, Jean De La Fontaine, 1621-1695),


তথ্যসূত্র: Greene, Robert. The 48 Laws of Power. Profile Books Ltd, 1998. Law 28, page 228.

একটি বাদাম এবং একটি উঁচু ঘণ্টা টাওয়ারের গল্প

একটি বাদাম এবং একটি উঁচু ঘণ্টা টাওয়ারের গল্প। লিখেছেন গল্পটি লিওনার্দো দ্য ভিঞ্চি (Leonardo da Vinci) (১৪৫২–১৫১৯)। (The nut and the campanile). 

The nut and the campanile

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি।

একদিন একটি দাঁড়কাক ঠোঁটে করে একটি বাদাম নিয়ে উড়ে গিয়ে বসল একটি উঁচু বড় আকারের ঘণ্টাঘরের চূড়ায়। হঠাৎ বাদামটি ঠোঁট থেকে পড়ে গিয়ে দেয়ালের একটি সরু ফাটলে আটকে গেল। আর এতেই বেঁচে গেল বাদামটির জীবন। কারণ, দাঁড়কাকের ঠোঁটে পড়ার পর তার যে ভয়ংকর পরিণতি হতে পারত, আপাতত সেটা থেকে রেহাই পেয়েছে।


বাদামটি তখন দেয়ালের কাছে আশ্রয় চাইল। আল্লাহর দোহাই দিয়ে সাহায্য চাইল। দেয়ালের বিশাল উচ্চতা, সৌন্দর্য আর তার ঘণ্টাগুলোর সুমধুর ধ্বনির প্রশংসা করে সে মিনতি জানাল,


“হে মহান দেয়াল, দয়া করে আমাকে একটু আশ্রয় দাও। হায়! আমার বৃদ্ধ পিতার সবুজ পাতা ঘেরা ডাল থেকে ঝরে পড়ি, তার ঝরা পাতার বিছানায় উর্বর মাটিতে আমার ঠাঁই নেওয়ার সৌভাগ্য হলো না। অন্তত তুমিও আমাকে পরিত্যাগ করো না।


“নিষ্ঠুর দাঁড়কাকের ঠোঁটে বন্দি হওয়ার সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম, যদি কোনভাবে তার কবল থেকে মুক্তি পাই, তবে একটি ছোট্ট গর্তে বাকি জীবন কাটিয়ে দিব। এখন তোমার দেয়ালের এই ফাটলে আশ্রয় পেয়েছি। দয়া করে আমাকে এখানেই থাকতে দাও।”


বাদামের আকুল মিনতি শুনে দেয়ালটির মনে দয়া হলো। সে ভাবল, অসহায় এই প্রাণীকে একটু আশ্রয় দিলে ক্ষতি কী! তাই যে ফাটলে বাদামটি এসে পড়েছিল, সেখানেই তাকে আশ্রয় দিল।


কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই ঘটল বিপত্তি।


বাদামটির খোলস ফেটে শিকড় বেরিয়ে এল। শিকড়গুলো ধীরে ধীরে পাথরের ফাটলের গভীরে প্রবেশ করতে লাগল। তারপর সেগুলো পাথরের গায়ে চাপ দিতে দিতে ফাটলগুলো আরও চওড়া করে তুলল। অন্যদিকে, বাদামের চারা মাটি ফুঁড়ে আকাশের দিকে মাথা তুলতে শুরু করল।


দিন যেতে লাগল। চারাটি ক্রমেই বড় গাছ হতে থাকল। একসময় তার ডালপালা ঘণ্টাঘরের চূড়াকেও ছাড়িয়ে গেল। আর মাটির গভীরে ও পাথরের ফাঁকে ছড়িয়ে পড়া শিকড়গুলো ক্রমশ মোটা হতে লাগল। সেগুলোর প্রবল চাপে দেয়ালের পাথরগুলো একে একে নিজেদের জায়গা থেকে সরে যেতে শুরু করল।


ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।


যে দেয়াল একদিন করুণা করে বাদামটিকে আশ্রয় দিয়েছিল, সেই দেয়ালই এবার নিজের ধ্বংসের কারণ বুঝতে পারল। কিন্তু তখন আর কিছু করার ছিল না। অসহায়ভাবে নিজের পরিণতির জন্য বিলাপ করতে করতে একসময় দেয়ালটি ভেঙে পড়ল। ধ্বংসস্তূপে পরিণত হলো এককালের সেই প্রাচীন ঘণ্টাঘর।

তথ্যসূত্র: Greene, Robert. The concise The 48 Laws of Power. Viking, 2002. Law 10, page 38.


হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ‘গাইড’ করার ট্রাম্পের নতুন পরিকল্পনা—উত্তরের চেয়ে প্রশ্নই বেশি বিশ্লেষণ: ব্র‍্যাড লেনডন (Brad Lendon)

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সচল রাখতে যুক্তরাষ্ট্র যে নতুন উদ্যোগ নিয়েছে, সেটি ঘোষণার পর থেকেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রেসিডেন্ট Donald Trump পরিকল্পনাটি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ঘোষণা দেন—যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা United States Central Command (সেন্টকম) জানিয়েছে, “প্রজেক্ট ফ্রিডম” নামের এই অভিযানে থাকবে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, শতাধিক স্থল ও সমুদ্রভিত্তিক যুদ্ধবিমান এবং বিভিন্ন ধরনের ড্রোন। কিন্তু এত শক্তিশালী সামরিক উপস্থিতি ঠিক কীভাবে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালী পার করাবে—সেটা এখনো স্পষ্ট নয়।

অস্ট্রেলিয়ার লোয়ি ইনস্টিটিউটের গবেষক ও সাবেক নৌবাহিনী কর্মকর্তা জেনিফার পার্কার মনে করেন, যুক্তরাষ্ট্র মূলত সরাসরি পাহারা দেওয়ার বদলে পুরো পরিবেশটাই বদলে দিতে চাইছে—যাতে জাহাজগুলো নিজ থেকেই নিরাপদ অনুভব করে।

তার মতে, এই পরিকল্পনার অংশ হিসেবে প্রণালীতে কিছু মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হতে পারে, পাশাপাশি আকাশে নজরদারি জোরদার করা হবে। এসব বিমান সন্দেহজনক ছোট নৌযান বা সম্ভাব্য হামলাকারীদের শনাক্ত করে দ্রুত প্রতিরোধ করতে পারবে।

তবে প্রচলিত অর্থে যুদ্ধজাহাজ দিয়ে কনভয় বানিয়ে জাহাজগুলোকে একসঙ্গে নিয়ে যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করেন তিনি। বরং প্রণালীতে মার্কিন উপস্থিতি বাড়ানোই বেশি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

এর কারণও পরিষ্কার—এই কার্যক্রম থামাতে গেলে ইরানকে সরাসরি মার্কিন নৌবাহিনীর মুখোমুখি হতে হবে, যা এখন পর্যন্ত তারা এড়িয়ে এসেছে।

পার্কারের ভাষায়, “একভাবে দেখলে ট্রাম্প ইরানকে চাপের মুখে ফেলছেন। পরিস্থিতি ঠেকাতে হলে তাদের সরাসরি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাতে হবে—যা সংঘাতকে একেবারে অন্য স্তরে নিয়ে যাবে।”

ট্রাম্পের ঘোষণার পরপরই ইরান কড়া প্রতিক্রিয়া জানায়। দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যেকোন হস্তক্ষেপ ৮ এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে ধরা হবে।

তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “হরমুজ প্রণালী বা পারস্য উপসাগর ট্রাম্পের অবাস্তব পোস্ট দিয়ে পরিচালিত হবে না।”

এদিকে ইরানের কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদর দপ্তরের খাতাম আল-আম্বিয়া (Khatam al-Anbiya Central Headquarters) এর পক্ষ থেকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে—কোন বিদেশি বাহিনী, বিশেষ করে মার্কিন সেনারা যদি প্রণালীতে প্রবেশের চেষ্টা করে, তাহলে তাদের ওপর হামলা চালানো হবে।

অন্যদিকে, ট্রাম্প আগেই সতর্ক করে বলেছেন—ইরানের পক্ষ থেকে কোন ধরনের “হস্তক্ষেপ” হলে তার জবাব দেওয়া হবে শক্তি প্রয়োগের মাধ্যমে।

সব মিলিয়ে, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে পরিকল্পনার চেয়ে অনিশ্চয়তাই যেন বেশি দৃশ্যমান।

তথ্যসূত্র: https://edition.cnn.com/2026/05/04/middleeast/project-freedom-hormuz-guide-ships-intl-hnk-ml

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *