সায়হানের বন্ধু কথা বলা নদী


সায়হান ছিল এক কল্পনাপ্রবণ বালক। গ্রামের পাশে খালের ধারে বসে বসে সে প্রায়ই কল্পনা করত এক অদ্ভুত জগতের। তার পছন্দ ছিল নিজের মতো করে এক জগৎ তৈরি করা, যেখানে সে রাজা হবে।

এক বিকালে, খালের ধারে বসে সায়হান তার নিজের দুনিয়ার ছবি আঁকছিল। কাগজে তার জগতে বিশাল পাখি, চমৎকার বৃক্ষ এবং কথা বলা নদী। হঠাৎ করেই খালের পানি অদ্ভুতভাবে দুলতে শুরু করে। সে বিস্মিত হয়ে দেখল পানিতে একটি গোলাকার আলো ফুটে উঠছে।

আলোর মধ্য থেকে একটি মিষ্টি স্বরের ডাক এলো, “সায়হান, সায়হান, আমাদের রাজ্যে এসো! আমরা তোমার অপেক্ষায় আছি।”

সায়হান একটু ভয় পেলেও, আবার কৌতূহলীও হলো। সে খালের আলোর দিকে এগিয়ে গেল। হঠাৎ সে অনুভব করল যেন মাটির নিচে কোনকিছু তাকে টানছে। কিছুক্ষণের মধ্যেই সে একটি অচেনা পৃথিবীতে পৌঁছে গেল।

নতুন পৃথিবীতে এসে সায়হান দেখল, একটি ছোট্ট প্রাণী তার সামনে দাঁড়িয়ে। এটা ছিল মাটির তৈরি একটা ছোট্ট প্রাণী। প্রাণীটি বলল, ভয় পেয় না। আমার নাম মাটুক। আমিই তোমাকে ডেকেছিলাম। আমাদের দুনিয়া বিশাল বড় বিপদে পড়েছে। তোমার সাহায্য দরকার। তুমি যদি আমাদেরকে বিপদমুক্ত করতে পারো, তবে তুমিই হবে আমাদের রাজা।”

মাটুকের সঙ্গে সায়হান এগিয়ে যেতে লাগল। চারদিকে অদ্ভুত সব প্রাণী; বড় বড় গাছ। আর কথা বলা নদী। কিন্তু সে বুঝতে পারল, এই রাজ্যে কোন একটা সমস্যা আছে। বিশাল এক ছায়ামূর্তি এই রাজ্যের সবকিছুকে গ্রাস করছে।

মাটুক বলল, “এই ছায়ামূর্তি আমাদের জীবনীশক্তি চুরি করে নিচ্ছে। শুধুমাত্র একজন সত্যিকারের রাজাই এটা থামাতে পারে।”

যাত্রাপথে সায়হান কয়েকজন নতুন বন্ধু পেল। যেমন ডানাদার শিয়াল রুধির এবং মিষ্টি মধুর গাছ ফুলিয়া। কিন্তু পথে তার শত্রুদের সঙ্গেও দেখা হলো। একদল ছায়ার প্রাণী সায়হানের পথ আটকাতে চাইল। রুধির আর ফুলিয়ার সাহায্যে সায়হান তাদের পরাজিত করল।

ছায়ামূর্তির রাজ্যে পৌঁছানোর আগে সায়হানকে তার সাহস এবং বুদ্ধিমত্তার পরীক্ষা দিতে হলো। একটি কাঁচের পাহাড়ে চূড়ায় উঠতে গিয়ে সে প্রায়ই পড়ে যাচ্ছিল। কিন্তু রুধির তাকে উড়তে শেখাল। আর মাটুক তাকে পাহাড়ে ওঠার সময় আটকে থাকার কৌশল শিখিয়ে দিল।

শেষ পর্যন্ত সায়হান ছায়ামূর্তির মুখোমুখি হলো। এটা ছিল এক বিশাল দানব; যার দেহ কালো ধোঁয়ায় আবৃত। সায়হান বুঝতে পারল, এই দানব আসলে তার নিজের ভয় এবং সন্দেহ।

দানবটি বলল, “তুমি কখনোই রাজা হতে পারবে না। তুমি দুর্বল।”

প্রথমে সায়হান সেই বিকট আওয়াজের কথা শুনে ভয় পেল। তারপর সে বড় করে শ্বাস নিল। তার ভেতরে সাহস এলো এবং বলল, “আমি জানি আমি কী হতে পারি। আমি আমার নিজের ভয়কে জয় করবো।”

এই কথা বলার সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটি ভেঙে পড়ল। আর সায়হান রাজ্যকে মুক্ত করল।

ছায়ামূর্তির পরাজয়ের পর, রাজ্যের প্রাণীরা সায়হানকে তাদের রাজা হিশাবে স্বীকৃতি দিল। তারা বলল, “তুমি আমাদের মুক্ত করেছ, সায়হান। তুমি আমাদের সত্যিকারের নেতা।”

মাটুক বলল, “এখন তুমি চাইলে এই রাজ্যেই থেকে যেতে পারো অথবা তোমার নিজস্ব পৃথিবীতে ফিরে যেতে পারো।”

সায়হান নিজের পৃথিবীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কারণ সে বুঝতে পারল, তার পরিবার এবং বন্ধুরাও তার জন্য অপেক্ষা করছে।

সায়হান তার নিজের পৃথিবীতে ফিরে এলো। কিন্তু সে আর আগের মতো নয়। সে এখন অনেক বেশি সাহসী, আত্মবিশ্বাসী এবং কল্পনাপ্রবণ।

গ্রামের লোকজন এখন সায়হানের কথা শুনতে চায়। তার কল্পনার গল্পগুলো সবাইকে মুগ্ধ করে। সায়হান বুঝতে পারে, কল্পনা আর বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা সম্ভব। সে তার অভিজ্ঞতাগুলো গল্পে রূপান্তর করে ছড়িয়ে দেয়। এভাবে একদিন সে নিজেও একজন মহান গল্পকার হয়ে ওঠে।

আরও পড়ুন:

অন্ধকার এবং শোষণের বিরুদ্ধে এক সাহসী পথিকের লড়াই।

শক্তির রহস্য।

এপিকটেটাসের দর্শন: আপনার মূল দায়িত্বে মনোযোগ দিন (Focus on Your Main Duty)

আমরা এখন এপিকটেটাসের দর্শন সম্পর্কে জানব। তিনি স্টোয়িক দর্শনের একজন প্রভাবশালী দার্শনিক।


আপনার মূল দায়িত্বে মনোযোগ দিন (Focus on Your Main Duty)।

বিনোদন এবং আনন্দের সময় ও স্থান আছে। তবে কখনোই সেগুলোকে আপনার প্রকৃত লক্ষ্যকে ছাড়িয়ে যেতে দিবেন না। আপনি যদি একটি অভিযানে থাকেন এবং জাহাজ কোনো বন্দরে নোঙর ফেলে, তবে পানি সংগ্রহ করতে কূলের দিকে যেতেই পারেন। আর সেই পথে শামুক বা উদ্ভিদ সংগ্রহ করতে পারেন। কিন্তু সতর্ক থাকুন; চোখ-কান খোলা রাখুন, ক্যাপ্টেনের ডাক শোনার জন্য কান খাড়া রাখুন। মনোযোগ জাহাজের দিকে রাখুন। অপ্রয়োজনীয় কাজকর্মে বিভ্রান্ত হওয়া খুবই সহজ। ক্যাপ্টেন ডাকলেই আপনাকে সেই বিনোদন ছেড়ে তৎক্ষণাৎ জাহাজে ফিরে যেতে হবে। পিছনে তাকানোর সময় থাকবে না।

যদি আপনার বয়স বেশি হয়, তবে জাহাজ থেকে বেশি দূরে যাবেন না। না হলে ডাক পড়লে আপনি ফিরে আসতে নাও পারেন।

এরকম আরও বক্তব্য পাবেন এপিকটেটাস রচিত দি আর্ট অফ লিভিং বইয়ে।

এর সাথে সম্পৃক্ত পিঁপড়া এবং ঘাসফড়িং এর গল্প শুনব। এটা একটা ক্লাসিক রূপকথার গল্প। লিখেছেন প্রাচীন গ্রিক দার্শনিক ঈশপ (Aesop)। এই গল্পটি কঠোর পরিশ্রম, দূরদর্শিতা এবং দায়িত্বশীলতার মূল্য শেখায়। গল্পটি ছোট হলেও এতে একটি গভীর শিক্ষা লুকিয়ে রয়েছে।

“এক গ্রীষ্মকালে, পিঁপড়ারা ব্যস্ত ছিল শীতের জন্য খাদ্য সংগ্রহে। তারা ধীরে ধীরে শস্যদানা সংগ্রহ করছিল এবং নিজের বাসার ভেতর মজুদ করছিল। অন্যদিকে, ঘাসফড়িং বিনোদনে মত্ত ছিল। সে গান গাইছিল, নাচছিল। আর পিঁপড়াদের বলছিল, “তোমরা এত কষ্ট করছ কেন? এখন তো আনন্দ করার সময়। শীত আসতে তো অনেক দেরি।”

পিঁপড়ারা জবাব দিল, “আমরা শীতের প্রস্তুতি নিচ্ছি। তখন আমাদের খাদ্যের প্রয়োজন হবে। কিন্তু তা পাওয়া যাবে না। তুমি কেন আমাদের মতো কাজ করছ না?” ঘাসফড়িং তাদের উপদেশ উপেক্ষা করল এবং তার মজার জীবন চালিয়ে গেল।

কিন্তু দেখতে দেখতেই শীতকাল চলে এলো। ঘাসফড়িং দেখতে পেল যে তার ঘরে খাবার নেই। তাই সে শীতে অনেক কষ্ট পাচ্ছে। সে পিঁপড়াদের কাছে সাহায্যের জন্য গেল। পিঁপড়ারা তাকে শিক্ষা দিল, “তুমি গ্রীষ্মকালে কাজ করতে পারতে। কিন্তু তুমি তা করোনি। এখন শীতকালের কষ্ট তোমাকে সহ্য করতেই হবে।”

শিক্ষণীয় বিষয়: এই গল্পটি দায়িত্বশীলতা এবং পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে। এটা শেখায় যে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা এবং সময়মতো কাজ করা কতটা গুরুত্বপূর্ণ। ঘাসফড়িংয়ের অবহেলা ও উদাসীনতা তার দুঃখের কারণ হয়েছিল। অথচ পিঁপড়াদের দূরদর্শিতা এবং পরিশ্রম তাদের নিরাপত্তা নিশ্চিত করেছিল।

সাম্প্রতিক প্রাসঙ্গিকতা: গল্পটি আধুনিক জীবনে ব্যক্তিগত দায়িত্ব এবং অর্থনৈতিক সঞ্চয়ের গুরুত্ব বোঝাতে ব্যবহৃত হয়। এটা একটা সুন্দর উদাহরণ যে কীভাবে ছোট ছোট রূপকথাগুলো আমাদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য মূল্যবান শিক্ষা দেয়।

দূরদর্শী চিন্তা করতে এই ৭টি সূত্র মেনে চলুন


Thanks for picture: https://practicalanalyst.com/visionary-leadership-and-you/

নেতারা অগ্রিম চিন্তা করে। বেশিরভাগ নেতা চিন্তার জগতে ভবিষ্যতে বসবাস করে। নিয়মিতভাবে তারা তাদের চিন্তাকে ভবিষ্যতের দিকে নিবদ্ধ রাখে। কী হতে পারে এবং কেমন করে তা সৃষ্টি করা যায়—সেই বিষয়গুলো নিয়ে নেতারা চিন্তা করে। বেশিরভাগ সাধারণ মানুষ বর্তমান ও অতীতের দিকে লক্ষ রাখে। অগ্রিম চিন্তাশীল হওয়ার অর্থ হলো একগুচ্ছ লক্ষ্য ঠিক করা এবং প্রতিদিন সেই লক্ষ্যগুলোর দিকে অগ্রসর হওয়ার প্রতি মনোযোগ দেওয়া।

নেতারা লক্ষ্যসমূহ অর্জন করার জন্য নিম্ন লিখিত ৭টি সূত্র মেনে চলুন:

১। প্রধান লক্ষ্যগুলো নির্ধারণ করুন

সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিন যে আপনি কী অর্জন করতে চান, তা আপনার ব্যবসার জন্য হোক বা জীবনের জন্য। পরিষ্কার লক্ষ্য নির্ধারণ অত্যাবশ্যকীয়।

২। লক্ষ্যগুলো লিখে রাখুন

নির্দিষ্ট এবং বিস্তারিতভাবে লক্ষ্যসমূহ লিপিবদ্ধ করুন। গণণা করা যায় তেমনভাবে লক্ষ্যগুলো লিখুন। একটি উদাহরণ দিই, আপনার লক্ষ্য হলো আগামী দুই বছরের মধ্যে আপনার বিক্রি দ্বিগুণ করা। সুতরাং সেই লক্ষ্য লিখে রাখুন। যদি আপনার লক্ষ্য লিখিত না থাকে, তা অস্পষ্ট কল্পনার চেয়ে বেশি কিছু নয়।

৩। লক্ষ্য অর্জন করার জন্য একটি ডেডলাইন তথা সময়সীমা নির্ধারণ করুন

যদি আপনার লক্ষ্য হয় বড় কিছু অর্জন করা, তাহলে সেটাকে ছোট ছোট আকারে ভাগ করুন এবং প্রতিটি অংশের লক্ষ্য অর্জনের জন্য ডেডলাইন নির্ধারণ করুন। আমরা প্রবলভাবে ডেডলাইন থাকা লক্ষ্যগুলোর ব্যাপারে তৎপর থাকি। নিজেকে লক্ষ্য অর্জনের জন্য ডেডলাইন তথা সময়সীমা দিন।

৪। প্রতিটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের জন্য করণীয় বিষয়সমূহের তালিকা তৈরি করুন

সমন্বয়কারী হোন। যদি আপনি অনেক বিষয় নিয়ে ভাবেন, তবে আপনার তালিকায় সেগুলো যোগ করুন যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়।

৫। কাজের পরিকল্পনা তৈরি করুন

আপনার তালিকা নিয়ে বসুন এবং নির্দিষ্ট ধাপে পরিবর্তন করুন। দুটি বিষয় নিয়ে চিন্তা করতে হবে: অগ্রাধিকার ও ধারাবাহিকতা। তালিকার কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রথমে কী করা আবশ্যক? অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরির পর ৮০/২০ সূত্র মনে রাখতে হবে: আপনার সম্পাদনকৃত কাজের শতকরা ২০ ভাগ আপনার কাজটার ৮০ ভাগ ফলাফলের জন্য দায়ী। আপনি অপ্রয়োজনীয় কাজে নিজের সময় নষ্ট করতে চাইবেন না। আপনি চাইবেন না আপনার সহকর্মী বা কর্মচারীরা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করুক। আপনার এবং আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণে কোন বিষয় সত্যিকার অর্থেই উপকারী তা চিহ্নিত করুন। ধারাবাহিক কার্যক্রমের ভিত্তিতে আপনাকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে যে, কোন কাজের আগে কোন কাজ করবেন। যেকোন পরিকল্পনাকে কাজে পরিণত করার বিষয়টা অন্যান্য নির্দিষ্ট কাজগুলো সম্পাদনের উপর নির্ভর করে। আপনি আপনার লক্ষ্য অর্জনের পথে সীমাবদ্ধতা, চাপ এবং বাধাগুলোও চিহ্নিত করুন। এক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়ার বিষয় গুরুত্বপূর্ণ। কোনগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ বাধা? আপনার লক্ষ্য অর্জনের পূর্বে কোন সীমাবদ্ধতাগুলো সম্পূর্ণরূপে কাটিয়ে উঠতে হবে?

৬। কাজ আরম্ভ করুন

এখন আপনার কাছে একটি পরিকল্পনা আছে এবং আপনি জানেন যে চলার পথে আপনার সামনে কোন বাধাগুলো রয়েছে, আপনাকে কাজ শুরু করতে হবে—তাৎক্ষণিকভাবে। আর দেরি করা যাবে না। অনেক লোক ব্যর্থ হয় কারণ তারা নিজেদের লক্ষ্য ও পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে না। নেতারা সেই ভুল করে না।

৭। প্রতিদিন কিছু কাজ করুন

আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন, দিনের পরিকল্পনা তৈরি করুন এবং তারপর কিছু করুন, যেকোনো কিছু যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিবে।

পিটার ড্রুকার বলেন, ‘নেতার দায়িত্ব হলো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা।’ স্ট্র্যাটেজিক প্ল্যানার তথা পূর্বপরিকল্পনায় পারদর্শী মাইকেল ক্যামি বলেন, ‘যারা ভবিষ্যতের চিন্তা করে না, তারা কিছুই পায় না।’ লেখক এবং ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অ্যালেক ম্যাকেঞ্জি বলেন, ‘ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করার শ্রেষ্ঠ উপায় হলো ভবিষ্যৎকে নির্মাণ করা।’ নেতারা লক্ষ্য নির্ধারণের মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণ করে এবং সামনের দিকে অগ্রসর হয়। তারা ধাপে ধাপে এগিয়ে যায়, প্রতিদিন কাজ করে। তাদের নির্ধারিত লক্ষ্যের দিকে ধীরে ধীরে পা বাড়ায়।

তথ্যসূত্র: লিডারশিপ, ব্রায়ান ট্রেসি, অনুবাদ ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭।

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *