সুযোগকে নিজের হাতের মুঠোয় চেপে ধরুন

জন ডেভিসন রকফেলার (৮ জুলাই, ১৮৩৯ - ২৩ মে, ১৯৩৭) তার সুযোগ দেখলেন পেট্রোলিয়াম ব্যবসায়। তখন ১৮৭০ সাল। দেশে পেট্রোলিয়াম থেকে শোধিত তেল দিয়ে প্রচুর বাতি তৈরি করা হচ্ছে। দেশে পেট্রোলিয়াম প্রচুর, কিন্তু বিশোধন প্রক্রিয়া খুব একটা ভালো না। যা পাওয়া যায় তা খুবই নিকৃষ্ট মানের। রকফেলার নিজের সুযোগ দেখলেন।

তিনি স্যামুয়েল অ্যান্ড্রুজের (১০ ফেব্রুয়ারী, ১৮৩৬ - ১৫ এপ্রিল, ১৯০৪) সাথে অংশীদার হিসাবে ব্যবসা আরম্ভ করলেন। তারা একটি গুদামঘর থেকে কাজ আরম্ভ করলেন। স্যামুয়েল ছিলেন একজন রসায়নবিদ। পেট্রোলিয়াম বিশোধনে তিনি আরও উত্তম পদ্ধতি আবিষ্কার করলেন। তাদের বিশোধিত পেট্রোলিয়াম তেল ছিল বাজারে অন্যান্য তেলের চেয়ে উত্তম। ফলে তারা দ্রুত উন্নতি করতে লাগল।

তারা আরও একজন অংশীদার নিলেন, জনাব হেনরি ফ্লাগলর (২ জানুয়ারী, ১৮৩০ - ২০ মে, ১৯১৩)। কিন্তু স্যামুয়েল খুব দ্রুত অসন্তুষ্ট হতে লাগলেন। তিনি কোম্পানি ছেড়ে চলে যেতে চাইলেন।

রকফেলার : তুমি তোমার অংশের জন্য কত টাকা চাও?

স্যামুয়েল (কিছুটা অসতর্কভাবে) : এক কোটি টাকা।

রকফেলার : খুব সস্তায় বিক্রি করে দিলে। দশ কোটির বদলে এক কোটি চাইলে।

বিশ বছর পর সেই ব্যবসা যা ছোট্ট একটি কারখানা থেকে আরম্ভ হয়েছিল, যার মূল ছিল এক লাখ টাকা, সেখান থেকে কোম্পানির মোট মূল্য দাঁড়ায় নব্বই কোটি টাকা। স্ট্যান্ডার্ড ওয়েল ট্রাস্ট নামক রকফেলারের সেই কোম্পানি শেয়ার বাজারে প্রবেশ করে এবং কোম্পানি সর্বমোট মূল্য দাঁড়ায় একশত পঞ্চাশ কোটি টাকা।

এই ছিল সুযোগকে দেখতে পারা এবং তাকে হাতের মুঠোয় চেপে ধরার এক অনন্য ঘটনা। যদি এই ঘটনা ছিল অর্থ বিষয়ক। কিন্তু আজকের প্রজন্ম যেকোন জায়গায়, যেকোন পেশায় সুযোগ পেতে পারে। সুযোগকে নিজের হাতের মুঠোয় চেপে ধরতে পারে। আজকের যুগে নতুন ধরনের তড়িৎ প্রকৌশলী দরকার, শিল্পী, লেখক, কবি সহ সব ধরনের পেশায় সুযোগ রয়েছে।

যেকোন মাধ্যমে মহৎ কিছু করার, সাফল্য অর্জন করার সর্বাত্মক সুযোগ রয়েছে। সম্পদ কেবল অর্থ অর্জনে নয়, স্বাস্থ্য, সুখ ও জীবনের যেকোন আনন্দে উপভোগ অর্জন করা যায়। তবে সেই সম্পদ অর্জন করতে সংগ্রাম করতে হয়। সুযোগ মানে চূড়ান্ত কিছু নয়, বরং ছোটোখাটো ঘটনা। এসব ছোটোখাটো ঘটনা থেকে সুযোগ নিয়ে মানুষকে তার পেশায় সর্বোত্তম কাজ করে দেখাতে হয়।

তথ্যসূত্র :

১। https://bn.m.wikipedia.org/wiki/জন_রকফেলার
২। https://roar.media/bangla/main/history/history-of-john-d-rockefeller/
৩। https://en.m.wikipedia.org/wiki/John_D._Rockefeller
৪। https://en.m.wikipedia.org/wiki/Samuel_Andrews_(chemist)
৫। https://en.m.wikipedia.org/wiki/Henry_Flagler

দুর্বল মানুষ সুযোগের অপেক্ষায় বসে থাকে আর দৃঢ়চেতা মানুষ সুযোগ তৈরি করে

কিউপিডের চুম্বনে সাইকির পুনর্জাগরণ
ভাস্কর : আন্তোনিও কানোভা
প্রথম প্রদর্শন : ১৭৮৭ - ১৭৯৩
এই ঘটনাটি উল্লেখ করেন লেখক জর্জ ক্যারি ইগলেস্টন। সিঙ্গার ফেইলরের বিরাট অট্টালিকায় একবার এক ভোজসভার আয়োজন হয়। এই ভোজসভার আয়োজন করে বিরাট এক কোম্পানি। ভোজসভার ঠিক আগ মুহূর্তে খাবারের পরিচালককে জানানো হল যে কেউ একজন মূল খাবারটি নষ্ট করে ফেলেছে। পরিচালকের তো মৃতপ্রায় অবস্থা।

সেখানে রান্নাঘরে কাজ করছিল এক বালক। সে বলল, ‘আপনি যদি অনুমতি দেন তবে আমি এমন কিছু বানাতে পারি যা দেখে সকলে খুশি হবে।’

পরিচালক : তুমি! তুমি কে?

বালক : আমার নাম আন্তোনিও কানোভা, ভাস্কর পিসানোর নাতি।

পরিচালক : (একটু দ্বিধা নিয়ে) তুমি কী বানাতে পার?

আন্তোনিও : এমন কিছু যা টেবিলের মধ্যমণি হবে, যদি আপনি আমাকে চেষ্টা করার অনুমতি দেন।

তখন ভোজসভা আরম্ভ হতে খুব একটা সময়ও ছিল না। পরিচালক অনেকটা দ্বিধা নিয়েই আন্তোনিওকে বলল, ‘দেখ কী করতে পার।’ আন্তোনিও কিছু ঘি নিয়ে সেগুলোকে একত্রে মিশিয়ে একটি শুয়ে থাকা সিংহের ভাস্কর্য তৈরি করল এবং একে খাবার টেবিলের মাঝখানে সাজান হল।

ভোজসভায় ছিল ভেনিসের বড় বড় ব্যবসায়ী, রাজকুমার ও সংসদ সদস্যরা। তারা খাবার ঘরে ঢুকে সেই শায়িত সিংহকে দেখে তাজ্জব হয়ে গেল। তাদের মধ্যকার অনেকেই শিল্পসাহিত্যের চর্চাকারী। এমন অসাধারণ কাজ দেখে তাঁরা চোখ ফেরাতে পারল না। তারপর উপস্থিত অতিথিবৃন্দ সিঙ্গার ফেইলরকে জিজ্ঞেস করল, ‘ঘিয়ের মতো ক্ষণস্থায়ী জিনিসের ওপর কে এই অসাধারণ কর্ম করেছে?’ ফেইলর উত্তর দিতে পারলেন না। তিনি তাঁর খাবার পরিচালককে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন। পরিচালক আন্তোনিওকে সাথে করে নিয়ে এলেন।

অতিথিরা যখন বুঝতে পারলেন একজন রান্নাঘরের সাধারণ কর্মচারী এই অসাধ্য কাজ করেছে তখন তাঁরা হতবাক হলেন। গৃহকর্তা ফেইলরের কাজটি এত পছন্দ হয় যে তিনি সকলের সামনে ঘোষণা করেন আন্তোনিওকে তিনি সবচেয়ে ভালো ভাস্কর্য শিক্ষকের কাছে পাঠাবেন এবং তার সব ধরনের শিক্ষা ব্যয় বহন করবেন। তিনি তাঁর কথা রেখেছিলেন।

আন্তোনিও কানোভা
আত্মপ্রতিকৃতি : ১৭৯২
জীবনকাল : ১৭৫৭ - ১৮২২

আন্তোনিও তাঁর সৌভাগ্য দ্বারা বখে যাননি। তাঁর হৃদয়ে সেই একই বালকসুলভ সহজসরলতা, বিশ্বস্ততা ও পরিশ্রম করার মানসিকতা রয়ে যায়। তিনি বাল্যকালে যেমন কঠোর পরিশ্রম করতেন, পরবর্তী সময়েও তিনি একইভাবে পরিশ্রম করে যান। অনেকে হয়তো আন্তোনিও’র প্রথমবার সুযোগ তৈরি করার ঘটনা শোনেননি। কিন্তু অনেকেই বিশ্ববিখ্যাত ভাস্কর কানোভার নাম শুনেছে।

সুযোগ পাওয়া যায় না, তৈরি করতে হয়। দুর্বল মানুষ সুযোগের অপেক্ষায় বসে থাকে আর দৃঢ়চেতা মানুষ সুযোগ তৈরি করে। সুযোগ তৈরি করতে সাহস নিয়ে এগিয়ে যেতে হয়। আন্তোনিও কানোভা তাঁর সুযোগ দেখলেন এবং সাহস নিয়ে এগিয়ে গেলেন।

তথ্যসূত্র :

১। https://bn.m.wikipedia.org/wiki/সাইকি
২। https://en.m.wikipedia.org/wiki/Psyche_Revived_by_Cupid's_Kiss
৩। https://en.m.wikipedia.org/wiki/Antonio_Canova
৪। https://en.m.wikipedia.org/wiki/Luigi_Lablache
৫। https://en.m.wikipedia.org/wiki/George_Cary_Eggleston

সুযোগ তৈরি করতে সাহস নিয়ে এগিয়ে যেতে হয়


আমার অভিধানে 'অসম্ভব' নামে কোন শব্দ নেই। - নেপোলিয়ন বোনাপার্ট

নেপোলিয়ন বোনাপার্ট তাঁর ষাট হাজার সৈন্য নিয়ে যাত্রা আরম্ভ করলেন অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে। সামনে দেখা হল আল্পস পর্বতমালার সাথে। তিনি তাঁর প্রকৌশলীদের পাঠালেন এই বিপদসঙ্কুল রাস্তায় পথ খুঁজে বের করতে। পথটি ছিল আল্পস পর্বতমালার গ্রেট সেন্ট বার্নার্ড পাস, বর্তমান সুইজারল্যান্ডে অবস্থিত।

নেপোলিয়ন : এই রাস্তা কি অতিক্রম করা সম্ভব?

প্রকৌশলীরা অনেকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে : হয়তো সম্ভব।

নেপোলিয়ন (দ্বিধাহীনভাবে) : তবে, সামনে চল।

ইংল্যান্ড ও অস্ট্রিয়ার সেনাপতিরা হেসে খুন। বলে কী! আল্পস পাড়ি দিবে। তাও আবার ষাট হাজার সৈন্য, সরঞ্জাম, ভারী গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রসহ। এদিকে জেনোয়া শহর অবরোধ করে রেখেছে অস্ট্রিয়ার সেনারা। কমান্ডার আন্দ্রে ম্যাসেনা প্রতিপক্ষ সেনাদের অনেক কষ্টে ঠেকিয়ে রেখেছে। নেপোলিয়ন বিপদের দিনে তাঁর বন্ধুদের পাশে থাকবেন না তা কি হয়।

অতঃপর এই 'অসম্ভব' কর্ম যখন সম্পন্ন হয় তখন কিছু কিছু মানুষ একে দেখে বলল এ কাজ তো বহু আগেই করা সম্ভব ছিল। আর কিছু মানুষ অজুহাত বের করল যে এ ধরনের কাজ আসলে অনতিক্রম্য। অনেক সেনাপতিরই পর্যাপ্ত খাদ্য সরবরাহ ছিল, যন্ত্রপাতি, যানবাহন ও সাহসী সৈন্য ছিল। কিন্তু তাদের সকলের মধ্যে যে জিনিসের অভাব ছিল তা হচ্ছে বোনাপার্টের মতো সঙ্কল্প ও দৃঢ়তা। সামনে কঠিন সমস্যা দেখে তিনি সঙ্কুচিত হননি, বরং তাঁর সুযোগকে তৈরি করতে সাহস নিয়ে এগিয়ে গেলেন।

সুযোগ পাওয়া যায় না, তৈরি করতে হয়। ইতিহাসে এমন শত শত ঘটনা আছে যেখানে মহান পুরুষরা তাদের সুযোগ নিজেরাই তৈরি করেছেন। তাঁদের কারও পথই মখমলের চাদরে আবৃত ছিল না। প্রত্যেকেই একের পর এক ভয়ানক সব বিপদের সামনে পড়েছেন। তারা সাহস নিয়ে এগিয়ে গেছেন এবং সমস্যাকে সুযোগে পরিণত করে লাভবান হয়েছেন।

তথ্যসূত্র :

১। https://www.sms-bangla.com/নেপোলিয়ন_বোনাপার্টের_উক্তি
২। https://bani.com.bd/author/226/
৩। https://en.wikipedia.org/wiki/Siege_of_Genoa_(1800)
৪। https://en.wikipedia.org/wiki/Bonaparte_Crossing_the_Alps
৫। https://en.wikipedia.org/wiki/Napoleonic_Wars#War_between_Britain_and_France
৬। https://bn.wikipedia.org/wiki/নেপোলিয়ন_বোনাপার্ট
৭। https://bn.wikipedia.org/wiki/নেপোলীয়_যুদ্ধ
৮। https://www.youtube.com/results?search_query=The+Little+Corporal
৯। https://bn.wikipedia.org/wiki/গিরিপথ
১০। https://en.wikipedia.org/wiki/Great_St_Bernard_Pass

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *