সুযোগ তৈরি করতে সাহস নিয়ে এগিয়ে যেতে হয়


আমার অভিধানে 'অসম্ভব' নামে কোন শব্দ নেই। - নেপোলিয়ন বোনাপার্ট

নেপোলিয়ন বোনাপার্ট তাঁর ষাট হাজার সৈন্য নিয়ে যাত্রা আরম্ভ করলেন অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে। সামনে দেখা হল আল্পস পর্বতমালার সাথে। তিনি তাঁর প্রকৌশলীদের পাঠালেন এই বিপদসঙ্কুল রাস্তায় পথ খুঁজে বের করতে। পথটি ছিল আল্পস পর্বতমালার গ্রেট সেন্ট বার্নার্ড পাস, বর্তমান সুইজারল্যান্ডে অবস্থিত।

নেপোলিয়ন : এই রাস্তা কি অতিক্রম করা সম্ভব?

প্রকৌশলীরা অনেকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে : হয়তো সম্ভব।

নেপোলিয়ন (দ্বিধাহীনভাবে) : তবে, সামনে চল।

ইংল্যান্ড ও অস্ট্রিয়ার সেনাপতিরা হেসে খুন। বলে কী! আল্পস পাড়ি দিবে। তাও আবার ষাট হাজার সৈন্য, সরঞ্জাম, ভারী গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রসহ। এদিকে জেনোয়া শহর অবরোধ করে রেখেছে অস্ট্রিয়ার সেনারা। কমান্ডার আন্দ্রে ম্যাসেনা প্রতিপক্ষ সেনাদের অনেক কষ্টে ঠেকিয়ে রেখেছে। নেপোলিয়ন বিপদের দিনে তাঁর বন্ধুদের পাশে থাকবেন না তা কি হয়।

অতঃপর এই 'অসম্ভব' কর্ম যখন সম্পন্ন হয় তখন কিছু কিছু মানুষ একে দেখে বলল এ কাজ তো বহু আগেই করা সম্ভব ছিল। আর কিছু মানুষ অজুহাত বের করল যে এ ধরনের কাজ আসলে অনতিক্রম্য। অনেক সেনাপতিরই পর্যাপ্ত খাদ্য সরবরাহ ছিল, যন্ত্রপাতি, যানবাহন ও সাহসী সৈন্য ছিল। কিন্তু তাদের সকলের মধ্যে যে জিনিসের অভাব ছিল তা হচ্ছে বোনাপার্টের মতো সঙ্কল্প ও দৃঢ়তা। সামনে কঠিন সমস্যা দেখে তিনি সঙ্কুচিত হননি, বরং তাঁর সুযোগকে তৈরি করতে সাহস নিয়ে এগিয়ে গেলেন।

সুযোগ পাওয়া যায় না, তৈরি করতে হয়। ইতিহাসে এমন শত শত ঘটনা আছে যেখানে মহান পুরুষরা তাদের সুযোগ নিজেরাই তৈরি করেছেন। তাঁদের কারও পথই মখমলের চাদরে আবৃত ছিল না। প্রত্যেকেই একের পর এক ভয়ানক সব বিপদের সামনে পড়েছেন। তারা সাহস নিয়ে এগিয়ে গেছেন এবং সমস্যাকে সুযোগে পরিণত করে লাভবান হয়েছেন।

তথ্যসূত্র :

১। https://www.sms-bangla.com/নেপোলিয়ন_বোনাপার্টের_উক্তি
২। https://bani.com.bd/author/226/
৩। https://en.wikipedia.org/wiki/Siege_of_Genoa_(1800)
৪। https://en.wikipedia.org/wiki/Bonaparte_Crossing_the_Alps
৫। https://en.wikipedia.org/wiki/Napoleonic_Wars#War_between_Britain_and_France
৬। https://bn.wikipedia.org/wiki/নেপোলিয়ন_বোনাপার্ট
৭। https://bn.wikipedia.org/wiki/নেপোলীয়_যুদ্ধ
৮। https://www.youtube.com/results?search_query=The+Little+Corporal
৯। https://bn.wikipedia.org/wiki/গিরিপথ
১০। https://en.wikipedia.org/wiki/Great_St_Bernard_Pass

সুযোগ পাওয়া যায় না, তৈরি করতে হয়

কেউ যদি কাজ আরম্ভ না করে তবে এই পৃথিবীর কোন কাজই আপনাআপনিই আরম্ভ হয় না এবং হয়ওনি। আপনি কি কাজ করতে আগ্রহী? এই মুহূর্তকেই খপ করে ধরুন। যা করতে পারেন, যা কিছুর স্বপ্ন দেখেন, আজই আরম্ভ করুন। একটি ছোট্ট পদক্ষেপ নিন। হাজার বছর আগে চীনের দার্শনিক লাও জু তার রচিত গ্রন্থ তাও তে চিং এ যেমন বলে গেছেন সে কথা আজও অমলিন। 'হাজারো মাইলের যাত্রা আরম্ভ হয় একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে।'

সুযোগ পাওয়া যায় না, তৈরি করতে হয়। নিজের সুযোগ নিজেই তৈরি করুন। আজকে থেকে কাজ আরম্ভ করুন। দেখবেন, কাল যখন মঞ্চে ওঠার সুযোগ হবে আপনি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। কিন্তু আরম্ভ আপনাকে আগেই করতে হবে, আজই করতে হবে।


১৭৯৮ সালে ভূমধ্যসাগরের উপকূলে নীল নদের উপকণ্ঠে ব্রিটিশ নৌবহর ও ফরাসি ফার্স্ট রিপাবলিক নৌবহরের মধ্যে একটি নৌযুদ্ধ সংগঠিত হয়। একে নীল নদের নৌযুদ্ধও বলা হয়। ব্রিটিশ নৌবাহিনীর উপপ্রধান সেনাপতি হোরেশিও নেলসন মিশরীয় উপকূলে এসে পৌঁছান দুপুর ২টায়। তিনি তাঁর ক্যাপ্টেনদের সাথে যুদ্ধ পরিকল্পনা করছিলেন। নেলসন তাঁর পরিকল্পনা বলার পর ক্যাপ্টেন বেরি উৎফুল্ল হয়ে বললেন, 'যদি আমরা জয়ী হই তবে বিশ্ব কী বলবে?'

নেলসন, 'এক্ষেত্রে যদির কোন জায়গা নেই। আমাদেরকে জিততেই হবে। আর যদি তা না হয় তবে সেই গল্প বলার মতো কেউ বাঁচবে কিনা তা ভিন্ন কথা।' তিনি দৃঢ়তার সাথে আরও বললেন, 'আগামীকাল সকালে হয় আমি একটি খেতাব জিতব, না হয় ওয়েস্টমিনস্টার অ্যাবিতে আমার করব হবে।' ইতিহাস বলে তিনি খেতাব জিতেছেন।

তাঁর চোখে সাহসের ঝিলিক দিয়ে উঠল। অন্যরা যেখানে কেবল সম্ভাব্য পরাজয় দেখছেন, সেখানে তিনি অদম্য মানসিকতা নিয়ে মহিমান্বিত বিজয় দেখলেন। তিনি নিজেদের নৌবহরকে প্রস্তুত করলেন। সন্ধ্যায় আক্রমণ করলেন এবং বিজয়ী হলেন।

বইয়ের পর্যালোচনা - অল কোয়ায়েট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট, লেখক এরিক মারিয়া রেমার্ক, রূপান্তর : জাহিদ হাসান

যুদ্ধ বিগ্রহ লড়াই যেন সর্বদাই বীরত্বের এক ইতিকথা। রামায়ণ, মহাভারত, ইলিয়ডের মতো মহাকাব্য সৃষ্টিই হয়েছে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে বীরত্বকে তুলে ধরার জন্য। যেন সমগ্র পৃথিবীকে জানান দেয় যে দেখ যুদ্ধ করতে পেরেছে বলে রাম-রাবণ, অর্জুন-কৃষ্ণ-দূর্যোধন ও একিলিসের মতো বীর হয়ে পৃথিবীর ইতিহাসে বেঁচে রয়েছি। আসলেই কী তাই! যুদ্ধে যে আর কত লাখো সৈন্য মারা গেল তাদের অনুভূতির কী হল? তারা কোথায় গেল? তারা কি কেবল গাছ থেকে ঝরা পাতার মতো ঝরে পড়ল? তারা কি মানুষ ছিল?

আমি বলব, ‘হ্যাঁ, তারা মানুষ ছিল।’ এমনই এক মানুষকে নিয়ে এরিক মারিয়া রেমার্ক লিখলেন তাঁর অসাধারণ এক উপন্যাস ‘অল কোয়ায়েট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট’। যদিও মনে হতে পারে লেখক রেমার্ক তো একজন সাধারণ মানুষ, পল বোমারকে নিয়ে লিখে। এ প্রশ্নের উত্তরে আমার মনে পড়ে জোসেফ ক্যাম্পবেলের কথা। তাঁর বই ‘মিথের শক্তি’তে তিনি বলেন,

‘আমি মনে করি না সাধারণ ব্যক্তি বলে কিছু আছে। জীবনের অভিজ্ঞতায় প্রতিটি মানুষ পরমানন্দে সম্ভাবনাময়ী। তাকে যা করতে হয় তা হল নিয়ত এই আনন্দকে চেনা এবং এর চর্চা করে এর সঙ্গে জীবন যাপন করা। সাধারণ মানুষ হিসাবে কাউকে আখ্যায়িত করা হলে আমি সবসময়ই অস্বস্তি বোধ করি, কারণ সাধারণ মানুষ, মহিলা বা শিশু কোথাও, কখনও আমার চোখে পড়েনি।’

আমিও ক্যাম্পবেলের মতোই বলতে চাই, সাধারণ মানুষ বলতে কিছু নেই। প্রতিটি মানুষই তার নিজ গুণে, নিজ অভিজ্ঞতায় অনন্য। এমনই এক শক্তিশালী চরিত্র পল বোমার। সে সতেরো বছররের এ জার্মান কিশোর। জীবনে যখন রঙিন স্বপ্ন দেখার সময়, ঠিক তখনই আষ্টেপৃষ্ঠে জড়িযে গেল প্রথম বিশ্বযুদ্ধে। তার সেই কিশোর জীবন পার করার আগেই তাকে প্রবেশ করতে হল যুদ্ধের বিভীষিকাময় এক প্রান্তরে। ট্রেনিং ক্যাম্পের কঠোর পরিশ্রম, ওপরওয়ালার অপরিসীম দুর্ব্যবহার আর যুদ্ধের নারকীয় তাণ্ডবে অনুভব করল, হাজার বছরের সভ্যতাও মানুষের পশুত্বকে মুছে দিতে পারেনি। অনুভব করল, যুদ্ধের প্রথম বোমাটা ঠিক হৃদয়ের মধ্যেই পড়ে; গুঁড়িয়ে দেয় সমস্ত চেতনা আর মানবিক মূল্যবোধ।

আজ যেখানে বিজ্ঞানের বদৌলতে আমরা জানতে পেরেছি হৃদয় বলতে কিছু নেই, মন কেবল মস্তিষ্কের একটি অংশ, সেই যান্ত্রিক যুগে যুদ্ধের প্রথম বোমাটা আসলে কোথায় পড়বে? হয়তো মন-মস্তিষ্কের যে জায়গায়, কোন এক গহীন কোণে যেখানে একদা ছিল ছোট্ট এক লাল টুকটুকে গোলাপ ফুল, কাউকে দিবো বলে হয়তো সংগোপনে, সযত্নে ভালোবাসা দিয়ে লালনপালন করছিলাম, ঠিক সেই জায়গায়ই হয়তো যুদ্ধের প্রথম বোমাটা পড়বে। আর মুছে দিবে মনুষ্যত্বের সব চিহ্ন। জাগিয়ে তুলবে কুম্ভকর্ণকে।

মানুষের সামনে যুদ্ধের মতো মহান ও উজ্জ্বল জীবনকে প্রকৃতপক্ষে কেমন তাই তুলে ধরবে ‘অল কোয়ায়েট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট’। বই পাঠ শেষে প্রতিটি পাঠকই অনুভব করবে, পল বোমারের মতো শান্ত এক নির্মল পরিবেশ। যুদ্ধ, লড়াই ও শান্তি কী এবং কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে তার অত্যুৎকৃষ্ট বর্ণনা বোমারের মাধ্যমে পাঠক তার পাঠের মাধ্যেই অনুভব করবে। সেই রোমাঞ্চিত জীবনের আহ্বান জানিয়ে শেষ করছি ‘অল কোয়ায়েট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট’।

তথসূত্র :

১। অল কোয়ায়েট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট। মূল : এরিক মারিয়া রেমার্ক। রূপান্তর : জাহিদ হাসান। ঢাকা, প্রজাপতি প্রকাশন।

২। মিথের শক্তি। মূল : জোসেফ ক্যাম্পবেল। অনুবাদ : খালিকুজ্জামান ইলিয়াস। ঢাকা, বিশ্বসাহিত্য কেন্দ্র, ২০১৮। উল্লিখিত উদ্ধৃতি নেওয়া হয়েছে ২৩২ পৃষ্ঠা থেকে।

৩। বাল্মীকি রামায়ণ। সারানুবাদ : রাজশেখর বসু। ঢাকা, বিশ্বসাহিত্য কেন্দ্র, ২০১৭। উল্লিখিত কুম্ভকর্ণের চরিত্র তুলনা নেওয়া হয়েছে ২৫০ পৃষ্ঠা থেকে।

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *