ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি।
সূত্র ৮: অন্যদেরকে আপনার কাছে আসতে বাধ্য করুন—প্রয়োজনে টোপ ফেলুন (Make other people come to you - use bait if necessary)।
মূলনীতি (Judgement):
আপনি যখন অন্য কাউকে নিজের ইচ্ছামতো কাজ করতে বাধ্য করতে পারবেন, তখন নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। প্রতিপক্ষকে নিজের কাছে নিয়ে আসা সবসময়ই একটি ভালো কৌশল। এতে সে নিজের পরিকল্পনা বাদ দিয়ে আপনার পরিকল্পনা অনুযায়ী এগোতে বাধ্য হয়।
তাকে বড় কোন লাভের প্রলোভন দেখিয়ে নিজের কাছে টেনে আনুন। তারপর আঘাত করুন। তখন খেলার সব চাল থাকবে আপনার হাতে।
❝আমি যখন হরিণ শিকারের জন্য টোপ পাতি, তখন প্রথম যে হরিণটি টোপের গন্ধ শুঁকতে আসে, তাকে গুলি করি না। বরং পুরো পালটি একসঙ্গে জড়ো হওয়ার জন্য অপেক্ষা করি।❞
— অটো ফন বিসমার্ক (১৮১৫–১৮৯৮)
ক্ষমতার চাবিকাঠি (Keys to power):
ইতিহাসে এমন ঘটনা কত আছে, সেটা কি আমরা দেখি না? কোন আগ্রাসী নেতা একের পর এক সাহসী পদক্ষেপ নিয়ে ক্ষমতা ও প্রভাব বাড়াতে শুরু করে। প্রথমদিকে তার সাফল্যও আসে। কিন্তু ধীরে ধীরে ক্ষমতা যখন চূড়ায় পৌঁছায়, তখন পরিস্থিতি তার বিরুদ্ধে যেতে থাকে।
তার অসংখ্য শত্রু একজোট হয়ে যায়। ক্ষমতা ধরে রাখতে গিয়ে তিনি একদিকে ছোটেন, অন্যদিকে ছোটেন। এভাবে নিজেকে নিঃশেষ করে ফেলেন। শেষ পর্যন্ত তার পতন ঘটে।
এমন পরিণতির কারণ হলো, আগ্রাসী মানুষ খুব কম সময়ই পরিস্থিতির ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারে। তারা ভবিষ্যতের দু-একটি পদক্ষেপের বেশি ভাবতে পারে না। একটি সাহসী সিদ্ধান্ত বা পদক্ষেপের পরিণতি কী হতে পারে, তা-ও বুঝতে পারে না।
শত্রুর সংখ্যা বাড়তে থাকলে তাদের প্রতিটি পদক্ষেপের জবাব দিতে হয় তাকে। পাশাপাশি নিজের হঠকারী সিদ্ধান্তের অপ্রত্যাশিত পরিণতিও সামলাতে হয়। এভাবে তার আগ্রাসী মনোভাব ও কর্মশক্তিই একসময় তার বিরুদ্ধে কাজ করতে শুরু করে।
ক্ষমতার খেলায় নিজেকে প্রশ্ন করুন: এদিক-ওদিক ছুটে সমস্যা সমাধান করে এবং শত্রুদের পরাজিত করার চেষ্টা করে কী লাভ, যদি পরিস্থিতির ওপর আমার কোন নিয়ন্ত্রণই না থাকে? কেন আমাকে সবসময় অন্যের তৈরি পরিস্থিতির জবাব দিতে হবে, অথচ আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না?
এর উত্তর খুব সহজ: ক্ষমতা সম্পর্কে আপনার ধারণাই ভুল। আপনি আগ্রাসী আচরণকে কার্যকর পদক্ষেপ বলে মনে করছেন। অথচ অনেক ক্ষেত্রেই সবচেয়ে কার্যকর কৌশল হলো—নিজেকে আড়ালে রাখা, শান্ত থাকা এবং নিজের পাতা ফাঁদে অন্যদের অস্থির হতে দেওয়া। দ্রুত জয় পাওয়ার চেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতা ধরে রাখার দিকে মনোযোগ দেওয়া।
মনে রাখবেন, ক্ষমতার মূল কথা হলো উদ্যোগ ও নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। এমন পরিস্থিতি তৈরি করা, যেখানে অন্যরা আপনার পদক্ষেপের জবাব দিতে বাধ্য হবে। প্রতিপক্ষ ও আশপাশের মানুষকে সবসময় আত্মরক্ষামূলক অবস্থানে রাখা।
আপনি যখন অন্যদের নিজের কাছে আসতে বাধ্য করতে পারবেন, তখন পরিস্থিতির নিয়ন্ত্রণও আপনার হাতে চলে আসবে। আর যার হাতে নিয়ন্ত্রণ থাকে, ক্ষমতাও থাকে তার হাতে।
এই অবস্থানে পৌঁছাতে হলে দুটি বিষয় জরুরি। প্রথমত, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগ যেন কখনো আপনাকে প্রভাবিত করতে না পারে। দ্বিতীয়ত, অন্যদের স্বাভাবিক আবেগপ্রবণতাকে কাজে লাগান। মানুষকে চাপ দিলে কিংবা প্রলোভন দেখালে তারা অনেক সময় রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখায়। এই প্রবণতাকে নিজের কৌশলের অংশ করে তুলুন।
দীর্ঘমেয়াদে অন্যদের নিজের কাছে টেনে আনার দক্ষতা যেকোন আক্রমণাত্মক কৌশলের চেয়ে অনেক বেশি শক্তিশালী অস্ত্র।
প্রতিপক্ষকে নিজের কাছে নিয়ে আসার আরেকটি সুবিধা হলো, এতে করে তাকে আপনার পরিচিত পরিবেশে এসে কাজ করতে হয়। অপরিচিত বা প্রতিকূল পরিবেশে এসে সেই ব্যক্তি অস্বস্তিতে পড়ে। অনেক সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় এবং ভুল করে বসে।
আলোচনা কিংবা বৈঠকের ক্ষেত্রেও অন্যদের নিজের পরিবেশে নিয়ে আসা বুদ্ধিমানের কাজ। অন্তত এমন জায়গা বেছে নিন, যেটা আপনার কাছে পরিচিত ও সুবিধাজনক। সেখানে আপনি পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখবেন। অন্যদিকে, প্রতিপক্ষ পরিচিত পরিবেশ না পেয়ে কিছুটা হলেও আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে।
মানুষকে নিজের ইচ্ছামতো পরিচালিত করার কৌশল বিপজ্জনক। কেউ যদি বুঝতে পারে যে তাকে কৌশলে পরিচালিত করা হচ্ছে, তাহলে তাকে নিয়ন্ত্রণ করা ক্রমেই কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনি যখন প্রতিপক্ষকে নিজের কাছে আসতে বাধ্য করেন, তখন তার মনে এমন ধারণা তৈরি হয় যে পরিস্থিতির নিয়ন্ত্রণ আসলে তার হাতেই রয়েছে।
ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ব্যবসায়ী ও শেয়ারবাজারের কারসাজিকারী ড্যানিয়েল ড্রু (Daniel Drew) শেয়ারবাজার নিয়ন্ত্রণের কৌশলে ছিলেন অত্যন্ত দক্ষ। কোন নির্দিষ্ট শেয়ার কেনাবেচার মাধ্যমে তার দাম বাড়াতে বা কমাতে চাইলে তিনি সাধারণত সরাসরি কোন পদক্ষেপ নিতেন না।
তার একটি কৌশল ছিল এমন: তিনি ওয়াল স্ট্রিটের কাছের একটি অভিজাত ক্লাবের ভিতর দিয়ে দ্রুত হেঁটে যেতেন। দেখে মনে হতো, তিনি বুঝি শেয়ারবাজারে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছেন। এরপর ঘাম মুছতে পকেট থেকে তার পরিচিত লাল রুমালটি বের করতেন।
রুমাল থেকে একটি ছোট কাগজ মেঝেতে পড়ে যেত। ড্রু এমন ভান করতেন, যেন তিনি বিষয়টি খেয়ালই করেননি।
ক্লাবের সদস্যরা সবসময় ড্রুর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আগাম ধারণা পাওয়ার চেষ্টা করতেন। তাই কাগজটি পড়ে থাকতে দেখামাত্র তারা সেটা তুলে নিতেন। কাগজটিতে সাধারণত কোন নির্দিষ্ট শেয়ার সম্পর্কে গোপন তথ্য বা গুরুত্বপূর্ণ পরামর্শ আছে বলে মনে হতো।
খবরটি দ্রুত ছড়িয়ে পড়ত। ক্লাবের সদস্যরা দল বেঁধে সেই শেয়ার কিনতে কিংবা বিক্রি করতে শুরু করতেন। আর এভাবেই তারা অজান্তেই ড্রুর পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করতেন।
সবকিছু নির্ভর করে আপনার দেওয়া টোপ কতটা আকর্ষণীয়, তার ওপর। আপনার পাতা ফাঁদ যদি যথেষ্ট লোভনীয় হয়, তাহলে প্রতিপক্ষের আবেগ ও আকাঙ্ক্ষার উত্তেজনা তাকে বাস্তবতা বুঝতে দিবে না। তারা যত বেশি লোভী হবে, তাদের নিজের ইচ্ছামতো পরিচালনা করাও তত সহজ হবে।
প্রতীক: মধুর টোপ দেওয়া ভালুক ধরার ফাঁদ (The honeyed bear trap):
ভালুক শিকারি কখনো শিকারের পিছনে ছোটে না। কারণ, কোন ভালুক যদি বুঝতে পারে যে তাকে শিকার করা হবে, তখন তাকে ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর কোণঠাসা হলে সে হয়ে ওঠে ভয়ংকর।
তাই শিকারি মধু দিয়ে ফাঁদ পেতে রাখে। শিকারের পিছনে ছুটে সে নিজের শক্তি ক্ষয় করে না, জীবনকেও ঝুঁকিতে ফেলে না। সে শুধু টোপ পেতে অপেক্ষা করে।
কর্তৃত্বের বাণী (Authority):
দক্ষ যোদ্ধারা কখনো অন্যের কাছে ছুটে যায় না; বরং অন্যদের নিজের কাছে আসতে বাধ্য করে।
এটাই নিজের শক্তি ও দুর্বলতা এবং প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বোঝার মূলনীতি।
আপনি যখন প্রতিপক্ষকে নিজের কাছে আসতে বাধ্য করবেন, তখন তার শক্তি অনেকটাই কমে যাবে। কারণ, সে আপনার তৈরি পরিস্থিতিতে এসে লড়াই করতে বাধ্য হবে। আর আপনি নিজে তার কাছে না গেলে আপনার শক্তি ও সামর্থ্য অক্ষুণ্ন থাকবে।
নিজের পূর্ণ শক্তি দিয়ে প্রতিপক্ষের দুর্বল অবস্থানে আঘাত করা অনেকটা ডিমের ওপর পাথর ছুড়ে মারার মতো।
— ঝাং ইউ (একাদশ শতকে দ্য আর্ট অব ওয়ার গ্রন্থের ভাষ্যকার)
The 48 Laws of Power by Robert Greene Bangla বইয়ের ৪৮টি সূত্র।
তথ্যসূত্র: Greene, Robert. The Concise 48 Laws of Power. Profile Books, 2002.

