সূত্র ২: বন্ধুদের ওপর অতিরিক্ত ভরসা করবেন না; শত্রুদের কাজে লাগাতে শিখুন (Never put too much trust in friends, learn how to use enemies)

Never put too much trust in friends, learn how to use enemies

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি।

সূত্র ২: বন্ধুদের ওপর অতিরিক্ত ভরসা করবেন না; শত্রুদের কাজে লাগাতে শিখুন।

মূলনীতি (Judgment):

বন্ধুদের ব্যাপারে সবসময় সতর্ক থাকুন। কারণ, তারাই অনেক সময় আপনার সঙ্গে সবচেয়ে দ্রুত বিশ্বাসঘাতকতা করতে পারে। বন্ধুদের মধ্যে ঈর্ষা খুব সহজেই জন্ম নেয়। এ ছাড়া অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তারা অনেক সময় আপনার প্রতি অধিকার ফলাতে শুরু করে, এমনকি কর্তৃত্বপরায়ণও হয়ে ওঠে।

অন্যদিকে, আপনার কোন সাবেক শত্রুকে কাজে নিয়োগ করলে সে অনেক সময় বন্ধুর চেয়েও বেশি বিশ্বস্ত হতে পারে। কারণ, নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য তার মধ্যে বাড়তি তাগিদ থাকে। আসলে শত্রুর চেয়ে বন্ধুদের কাছ থেকেই অনেক সময় বেশি সতর্ক থাকার প্রয়োজন হয়।

আর যদি আপনার কোন শত্রু না থাকে, তাহলে এমন পরিস্থিতি তৈরি করুন, যাতে অন্তত কেউ আপনার বিরোধিতা করার সাহস পায়।

শত্রুদের কাছ থেকেও উপকৃত হওয়া যায় (Profiting by our enemies):

একবার রাজা হিয়েরো (King Hiero) তার এক শত্রুর সঙ্গে কথা বলছিলেন। কথার এক পর্যায়ে সেই ব্যক্তি তাকে জানালেন, তার মুখে দুর্গন্ধ রয়েছে।

কথাটি শুনে রাজা কিছুটা বিব্রত হলেন। বাড়ি ফিরে তিনি স্ত্রীকে ডেকে ক্ষোভের সঙ্গে বললেন, ‘তুমি আমাকে কখনো বলোনি কেন যে আমার মুখে দুর্গন্ধ?’

রাজার স্ত্রী ছিলেন সহজ-সরল, সতী ও নিরীহ স্বভাবের একজন নারী। তিনি উত্তর দিলেন, ‘মহারাজ, আমি তো ভেবেছিলাম সব পুরুষের মুখের গন্ধই এমন।’

এই ঘটনা থেকে একটি বিষয় পরিষ্কার হয়—নিজের এমন কিছু ত্রুটি, যা সহজেই চোখে পড়ে বা অন্যের কাছে স্পষ্ট, তা অনেক সময় বন্ধু ও ঘনিষ্ঠজনদের চেয়ে শত্রুদের কাছ থেকেই আগে জানা যায়।

— প্লুটার্ক (আনুমানিক ৪৬–১২০ খ্রিষ্টাব্দ)

ক্ষমতার চাবিকাঠি (Keys to power):

আপনি যখন কোন সমস্যায় পড়েন কিংবা আপনার সাহায্যের প্রয়োজন হয়, তখন বন্ধুদের কাজে লাগানোর কথা ভাবা খুবই স্বাভাবিক। পৃথিবীটা কঠিন জায়গা, আর বন্ধুরা সেই কঠিন বাস্তবতাকে কিছুটা সহজ করে তোলে। তা ছাড়া, আপনি তাদের চেনেন, তাদের সম্পর্কে জানেন। হাতের কাছেই বন্ধু থাকতে অপরিচিত কারও ওপর নির্ভর করতে যাবেন কেন?

কিন্তু সমস্যা হলো, আপনি আপনার বন্ধুদের যতটা ভালোভাবে চেনেন বলে মনে করেন, বাস্তবে হয়তো ততটা চেনেন না। অনেক সময় বন্ধুরা শুধু তর্ক এড়ানোর জন্য আপনার কথায় সম্মতি জানায়। একে অপরকে কষ্ট না দিতে নিজেদের অপছন্দনীয় দিকগুলো আড়াল করে রাখে। এমনকি একে অপরের সাধারণ কৌতুকেও অতিরিক্ত হাসাহাসি করে।

কারণ, সত্য কথা বললে অনেক সময় বন্ধুত্বে ফাটল ধরতে পারে। তাই বন্ধুরা আপনার কবিতার উচ্ছ্বসিত প্রশংসা করতে পারে, আপনার গান শুনে মুগ্ধ হওয়ার কথা বলতে পারে কিংবা আপনার পোশাক-পরিচ্ছদের রুচির প্রশংসা করতে পারে। তারা হয়তো সত্যিই এসব বিশ্বাস করে, আবার অনেক সময় শুধু বন্ধুত্ব রক্ষার জন্যই এমন কথা বলে।

আপনি যখন কোন বন্ধুকে চাকরি দেন কিংবা নিজের কাজে নিয়োগ করেন, তখন ধীরে ধীরে তার এমন কিছু বৈশিষ্ট্য আপনার চোখে পড়বে, যেগুলো সে এত দিন আড়াল করে রেখেছিল।

মজার বিষয় হলো, আপনার এই উপকার করার সিদ্ধান্তই অনেক সময় পরিস্থিতিকে জটিল করে তোলে। মানুষ সাধারণত মনে করতে চায়, নিজের যোগ্যতার কারণেই সে ভালো কিছু পাওয়ার অধিকারী। কিন্তু বন্ধুর কাছ থেকে পাওয়া বিশেষ সুবিধা অনেক সময় তার কাছে বোঝা হয়ে দাঁড়ায়। কারণ, সে বুঝতে পারে, যোগ্যতার ভিত্তিতে নয়, বরং বন্ধুত্বের কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে।

বন্ধুকে চাকরি দেওয়া বা কোন সুযোগ করে দেওয়ার মধ্যে অনেক সময় এক ধরনের পরোক্ষ অবজ্ঞার অনুভূতি লুকিয়ে থাকে। বিষয়টি বন্ধু প্রকাশ না করলেও মনে মনে কষ্ট পেতে পারে।

বন্ধুদের কাজে নিয়োগ করার সবচেয়ে বড় সমস্যা হলো, এতে আপনার ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সীমিত হয়ে পড়ে। আপনার বন্ধু সবসময় আপনার কাজের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি নাও হতে পারে। শেষ পর্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেয়ে দক্ষতা ও যোগ্যতাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।

কর্মক্ষেত্রে মানুষের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা প্রয়োজন। কারণ, সেখানে আপনার উদ্দেশ্য কাজ করা, বন্ধুত্ব তৈরি করা নয়। অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ—তা আন্তরিক হোক কিংবা কৃত্রিম—অনেক সময় কাজের মূল উদ্দেশ্যকে আড়াল করে দেয়।

তাই ক্ষমতার অন্যতম চাবিকাঠি হলো, প্রতিটি পরিস্থিতিতে বুঝতে পারা—কে আপনার স্বার্থ ও উদ্দেশ্য বাস্তবায়নে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে।

‘উপকারের প্রতিদান দেওয়ার চেয়ে মানুষ আঘাতের প্রতিশোধ নিতে বেশি আগ্রহী। কারণ, কৃতজ্ঞতা অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায়, আর প্রতিশোধ নেওয়া আনন্দের।’

— ট্যাসিটাস (আনুমানিক ৫৫–১২০ খ্রিষ্টাব্দ)

শত্রুদের কাজে লাগাতে শিখুন:

অন্যদিকে, আপনার শত্রুরা হলো এমন এক অমূল্য সম্পদ, যাদের কাজে লাগানোর কৌশল আপনাকে শিখতে হবে।

১৮০৭ সালে নেপোলিয়নের পররাষ্ট্রমন্ত্রী তালেইরাঁ (Talleyrand) যখন বুঝতে পারলেন, নেপোলিয়নের সিদ্ধান্ত ফ্রান্সকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং এবার তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময় এসেছে, তখন তিনি বুঝতে পারলেন—সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্র করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই কাজে তার একজন সহযোগী বা বিশ্বস্ত সঙ্গী প্রয়োজন।

কিন্তু কাকে বিশ্বাস করবেন? এমন একটি বিপজ্জনক পরিকল্পনায় কোন বন্ধুর ওপর ভরসা করা যায়?

শেষ পর্যন্ত তিনি বেছে নিলেন তার সবচেয়ে ঘৃণিত শত্রু ফুশে (Fouché)-কে। ফুশে ছিলেন ফ্রান্সের গোপন পুলিশের প্রধান। এমনকি অতীতে তিনি তালেইরাঁকে হত্যার চেষ্টাও করেছিলেন।

তালেইরাঁ বুঝতে পেরেছিলেন, তাদের অতীতের শত্রুতা থেকেই নতুন করে সম্পর্ক গড়ে তোলার একটি সুযোগ তৈরি হতে পারে। ফুশে তার কাছ থেকে বিশেষ কিছু প্রত্যাশা করবে না। বরং তালেইরাঁ তাকে বেছে নেওয়ায় নিজের যোগ্যতা প্রমাণের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

মনে রাখবেন, যার নিজেকে প্রমাণ করার তাগিদ থাকে, সে আপনার জন্য অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে।

তালেইরাঁ আরও জানতেন, ফুশের সঙ্গে তার সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক স্বার্থ। সেখানে ব্যক্তিগত আবেগ কিংবা বন্ধুত্বের জটিলতা কাজ করবে না।

তার এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছিল। যদিও নেপোলিয়নকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র সফল হয়নি, তবু এমন দুই ক্ষমতাধর ও অসম্ভাব্য ব্যক্তির একজোট হওয়া রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। ধীরে ধীরে সম্রাটের বিরোধিতা আরও ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর তালেইরাঁ ও ফুশের মধ্যে একটি ফলপ্রসূ কর্মসম্পর্ক গড়ে ওঠে।

তাই সুযোগ পেলে পুরোনো শত্রুতার অবসান ঘটান এবং সাবেক শত্রুকে নিজের কাজে লাগানোর চেষ্টা করুন।

শত্রুদের উপস্থিতিতে কখনো বিচলিত বা হতাশ হবেন না। বরং একজন-দুজন প্রকাশ্য শত্রু থাকা অনেক সময় এমন পরিস্থিতির চেয়ে ভালো, যেখানে আপনি বুঝতেই পারছেন না, প্রকৃত শত্রু কারা।

ক্ষমতাবান ব্যক্তি বিরোধিতাকে ভয় পান না; বরং একে নিজের শক্তি ও দক্ষতা প্রমাণের সুযোগ হিসেবে দেখেন। প্রতিকূল পরিস্থিতিতে যিনি দৃঢ়ভাবে লড়াই করতে পারেন, মানুষ তার ওপর বেশি আস্থা রাখে। শত্রুদের মোকাবিলা করেই তিনি নিজের সাহস, যোগ্যতা ও নেতৃত্বের পরিচয় তুলে ধরতে পারেন।

প্রতীক: অকৃতজ্ঞতার চোয়াল (The Jaws of Ingratitude)

আপনি যদি জানেন, সিংহের মুখে আঙুল দিলে কী ঘটতে পারে, তাহলে নিশ্চয়ই তার কাছ থেকে দূরে থাকবেন। কিন্তু বন্ধুর ক্ষেত্রে আপনি এমন সতর্কতা অবলম্বন করেন না। কারণ, বন্ধুকে আপনি বিশ্বাস করেন।

আর সেই বন্ধুকেই যখন নিজের কাজে নিয়োগ করেন, তখন তার অকৃতজ্ঞতা আপনাকে এমনভাবে আঘাত করতে পারে, যেন সে আপনাকে জীবন্ত গিলে খাচ্ছে।

কর্তৃত্বের বাণী (Authority):

নিজের স্বার্থে শত্রুদের কীভাবে কাজে লাগাতে হয়, তা শিখুন।

তরবারির ধারালো অংশ ধরে সেটাকে নিজের কাজে লাগানো যায় না। বরং হাতল ধরে রাখতে হয়, যাতে সেই তরবারি দিয়ে নিজেকে রক্ষা করা যায়।

ঠিক তেমনি, বুদ্ধিমান ব্যক্তি নিজের শত্রুদের কাছ থেকেও বেশি উপকৃত হতে পারেন। অন্যদিকে, একজন বোকা ব্যক্তি নিজের বন্ধুদের কাছ থেকেও তেমন কোন সুবিধা আদায় করতে পারেন না।

— বালতাসার গ্রাসিয়ান (১৬০১–১৬৫৮)

The 48 Laws of Power by Robert Greene Bangla বইয়ের ৪৮টি সূত্র।

তথ্যসূত্র: Greene, Robert. The Concise 48 Laws of Power. Profile Books, 2002.

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

লেখক পরিচিতি - রবার্ট গ্রিন (Robert Greene): ক্ষমতা, কৌশল ও মানবমন বিশ্লেষণের জনপ্রিয় লেখক

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi বইয়ের ভূমিকা (Preface)

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master)

সূত্র ৪: 

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master)

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি।

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না

মূলনীতি (Judgment):

আপনার চেয়ে ক্ষমতাবান বা পদমর্যাদায় উঁচুতে থাকা ব্যক্তিদের সবসময় এমন অনুভব করান, যেন তারা আপনার চেয়ে বেশি যোগ্য ও প্রতিভাবান। তাদের সন্তুষ্ট বা মুগ্ধ করতে গিয়ে নিজের দক্ষতা ও প্রতিভাকে বেশি প্রকাশ করবেন না। কারণ, এতে হিতে বিপরীত হতে পারে। তারা আপনার প্রতিভায় মুগ্ধ হওয়ার পরিবর্তে আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাবতে পারে। এমনকি আপনার প্রতি তাদের মনে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে।

বরং তাদের এমনভাবে উপস্থাপন করুন, যাতে তারা নিজেদের আরও বুদ্ধিমান, যোগ্য ও প্রতিভাবান বলে মনে করেন। তাদের কৃতিত্ব ও শ্রেষ্ঠত্বকে উজ্জ্বল করে তুলুন। মনে রাখবেন, যারা আপনার চেয়ে ক্ষমতাবান, তাদের অহংবোধে আঘাত না করে; বরং তাদের শ্রেষ্ঠত্বের অনুভূতিকে সম্মান জানাতে পারলেই আপনার ক্ষমতা ও সাফল্যের শিখরে পৌঁছানোর পথ সহজ হবে।

ক্ষমতার চাবিকাঠি (Keys to power):

প্রত্যেক মানুষের মধ্যেই কোন না কোন ধরনের নিরাপত্তাহীনতা কাজ করে। আপনি যখন নিজের প্রতিভা ও দক্ষতা প্রকাশ করেন এবং অন্যদের সামনে নিজেকে মেলে ধরেন, তখন স্বাভাবিকভাবেই কারও কারও মনে ঈর্ষা, ক্ষোভ, বিরক্তি কিংবা হীনম্মন্যতা তৈরি হতে পারে। এটাই স্বাভাবিক। অন্যের ছোটখাটো আবেগ ও অনুভূতির কথা ভেবে আপনি সারাজীবন কাটাতে পারেন না। তবে আপনার চেয়ে ক্ষমতা বা পদমর্যাদায় উঁচুতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে আপনাকে ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। কারণ, ক্ষমতার খেলায় নিজের ঊর্ধ্বতন ব্যক্তিকে ছাপিয়ে যাওয়ার চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না।

নিজেকে এই ভেবে সান্ত্বনা দিবেন না যে, রাজা চতুর্দশ লুই কিংবা মেডিচি পরিবারের শাসনামলের পর পৃথিবী অনেক বদলে গেছে। বাস্তবতা হলো, সমাজে যারা উচ্চ অবস্থানে পৌঁছায়, তাঁদের মানসিকতা অনেকটা রাজা-রানিদের মতোই। তারা নিজেদের অবস্থান নিয়ে নিরাপদ বোধ করতে চান। একই সঙ্গে আশপাশের মানুষের তুলনায় নিজেদের বেশি বুদ্ধিমান, রসিক এবং আকর্ষণীয় হিসেবে দেখতে পছন্দ করেন।

অনেকেই একটি মারাত্মক ভুল ধারণা পোষণ করেন। তারা মনে করে, নিজের প্রতিভা ও যোগ্যতা যত বেশি প্রকাশ করা যাবে, ঊর্ধ্বতন ব্যক্তির মন তত বেশি জয় করা সম্ভব হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। তিনি হয়তো মুখে আপনার প্রশংসা করবেন, এমনকি আপনার প্রতি মুগ্ধতা প্রকাশ করবেন। কিন্তু আপনাকে সরিয়ে দেওয়ার সুযোগ পেলেই তিনি এমন কাউকে বেছে নিবেন, যিনি আপনার তুলনায় কম বুদ্ধিমান, কম আকর্ষণীয় এবং তার অবস্থানের জন্য কম হুমকিস্বরূপ।

এই আইনটি বুঝতে হলে ২টি বিষয় মনে রাখতে হবে।

প্রথমত, আপনি নিজের স্বাভাবিক গুণাবলি প্রকাশ করতে গিয়েও অজান্তে ঊর্ধ্বতন ব্যক্তিকে ছাপিয়ে যেতে পারেন। সব ঊর্ধ্বতন ব্যক্তি এক রকম নয়। কেউ কেউ অন্যদের তুলনায় অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভোগে। তাদের আত্মম্ভরিতা এবং অহংবোধও অত্যন্ত প্রবল হতে পারে। আপনার স্বাভাবিক ব্যক্তিত্ব, আকর্ষণীয় আচরণ কিংবা মার্জিত কথাবার্তাও তাদের কাছে নিজের শ্রেষ্ঠত্বের জন্য হুমকি মনে হতে পারে।

আপনি যদি স্বভাবগতভাবেই আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন, তাহলে এ ধরনের আত্মম্ভরী মানুষদের এড়িয়ে চলতে শিখুন। আর যদি তা সম্ভব না হয়, তাহলে তাদের সামনে নিজের ভালো গুণগুলোর প্রকাশ কিছুটা নিয়ন্ত্রণ করতে শিখুন।

দ্বিতীয়ত, কখনোই ভাববেন না যে ঊর্ধ্বতন ব্যক্তি আপনাকে পছন্দ করে বলে আপনি যা খুশি করতে পারবেন। ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ রয়েছে, যেখানে ঊর্ধ্বতন ব্যক্তির প্রিয়পাত্র হওয়ার পরও অনেকে নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি। তারা নিজেদের গুরুত্বকে অতিরিক্তভাবে বিবেচনা করেছে এবং একপর্যায়ে এমন আচরণ করেছে, যা তাদের ঊর্ধ্বতন ব্যক্তিকেও ছাপিয়ে গেছে। শেষ পর্যন্ত তাদের সেই প্রিয় অবস্থান আর টেকেনি।

ঊর্ধ্বতন ব্যক্তিকে ছাপিয়ে যাওয়ার বিপদ সম্পর্কে সচেতন থাকলে আপনি এই আইনকেই নিজের সুবিধায় কাজে লাগাতে পারবেন।

প্রথমেই আপনাকে ঊর্ধ্বতন ব্যক্তির প্রশংসা করতে হবে এবং তার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাকে শক্তিশালী করতে হবে। সরাসরি প্রশংসা করেও কাজ হতে পারে, তবে এর সীমাবদ্ধতা রয়েছে। কারণ, অতিরিক্ত সরাসরি প্রশংসা অনেক সময় নকল এবং উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়। আশপাশের মানুষও বিষয়টি সহজেই বুঝতে পারে।

এর চেয়ে সূক্ষ্মভাবে প্রশংসা করা অনেক বেশি কার্যকর।

ধরুন, আপনি আপনার ঊর্ধ্বতন ব্যক্তির চেয়ে বেশি বুদ্ধিমান। সেই ক্ষেত্রে নিজেকে তার চেয়ে কম বুদ্ধিমান হিসেবে উপস্থাপন করুন। প্রয়োজনে কিছুটা সরল আচরণ করুন। এমন ধারণা তৈরি করুন যে, তার অভিজ্ঞতা ও পরামর্শ আপনার প্রয়োজন। এমন কিছু ছোটখাটো ভুল করুন, যেগুলো আপনার দীর্ঘমেয়াদি ক্ষতি করবে না, কিন্তু তার কাছ থেকে সাহায্য চাওয়ার সুযোগ তৈরি করবে।

মনে রাখবেন, ঊর্ধ্বতন ব্যক্তিরা অনেক সময় নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন। তাদের কাছে সাহায্য চাইলে তারা নিজেদের গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ বলে অনুভব করে। অন্যদিকে, তারা যদি মনে করে যে আপনার ওপর তাদের জ্ঞান বা অভিজ্ঞতার কোন প্রভাব নেই, তাহলে আপনার প্রতি তাদের বিরূপ মনোভাব তৈরি হতে পারে।

আপনার চিন্তাভাবনা যদি ঊর্ধ্বতন ব্যক্তির চেয়ে বেশি সৃজনশীল হয়, তাহলে নিজের ধারণাগুলো তার নামে উপস্থাপন করুন। সম্ভব হলে সবার সামনেই তাকে কৃতিত্ব দিন। এমনভাবে বিষয়টি তুলে ধরুন, যেন আপনার পরামর্শ আসলে তার দেওয়া পরামর্শেরই প্রতিফলন।

আপনি যদি স্বভাবগতভাবে তার চেয়ে বেশি মিশুক, বন্ধুবৎসল ও উদার হন, তাহলে সতর্ক থাকুন। আপনার ব্যক্তিত্ব যেন অন্যদের চোখে তার গুরুত্ব ও উজ্জ্বলতাকে ম্লান করে না দেয়। তাকে এমনভাবে উপস্থাপন করুন, যেন তিনিই সূর্য, আর চারপাশের সবাই তাকে ঘিরে আবর্তিত হচ্ছে। তার ব্যক্তিত্ব, ক্ষমতা ও প্রতিভাই যেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকে।

এসব ক্ষেত্রে নিজের শক্তি ও যোগ্যতাকে আড়াল করা কোন দুর্বলতা নয়, যদি শেষ পর্যন্ত তা আপনাকে ক্ষমতা ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। অন্যদের নিজের চেয়ে বেশি উজ্জ্বল হওয়ার সুযোগ দিয়ে আপনি আসলে নিজের অবস্থান ও নিয়ন্ত্রণ ধরে রাখেন। অন্যের নিরাপত্তাহীনতার শিকার হওয়ার ঝুঁকি থেকেও নিজেকে রক্ষা করে।

এই কৌশল ভবিষ্যতে আপনার কাজে আসবে, যখন আপনি নিজের বর্তমান অবস্থান ছাড়িয়ে আরও উঁচুতে পৌঁছাতে চাইবেন। আপনি যদি আপনার ঊর্ধ্বতন ব্যক্তিকে অন্যদের চোখে আরও বেশি মর্যাদাবান ও প্রতিভাবান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে তিনি আপনাকে নিজের জন্য আশীর্বাদ মনে করবেন। আর তখনই আপনার পদোন্নতি বা ক্ষমতার পরবর্তী ধাপে পৌঁছানোর পথ অনেক সহজ হয়ে যাবে।

প্রতীক: আকাশের তারা (The Stars in the Sky):

এক সময়ে আকাশে কেবল একটি সূর্যই থাকে। কখনো সূর্যের আলোকে আড়াল করবেন না, কিংবা তার উজ্জ্বলতার সঙ্গে প্রতিযোগিতা করতে যাবেন না। বরং আকাশের তারার মতো নিজের আলো কিছুটা ম্লান করে রাখুন। এমনভাবে নিজেকে উপস্থাপন করুন, যাতে আপনার ঊর্ধ্বতন ব্যক্তির উজ্জ্বলতা আরও বেশি করে প্রকাশ পায়।

কর্তৃত্বের বাণী (Authority):

কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না।

অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা সবসময়ই অপছন্দনীয়। কিন্তু একজন অধীনস্থ ব্যক্তি যদি নিজের শাসক বা ঊর্ধ্বতন ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠত্ব দেখাতে চায়, তাহলে তা শুধু বোকামিই নয়, মারাত্মক বিপদের কারণও হতে পারে।

আকাশের তারাগুলো আমাদের এই শিক্ষা দেয়। তারাগুলো সূর্যেরই মতো উজ্জ্বল হতে পারে, এমনকি সূর্যের সঙ্গে তাদের সম্পর্কও রয়েছে। কিন্তু সূর্য যখন আকাশে উপস্থিত থাকে, তখন তারা কখনোই নিজেদের প্রকাশ করে না।

— বালতাসার গ্রাসিয়ান (১৬০১–১৬৫৮)

The 48 Laws of Power by Robert Greene Bangla বইয়ের ৪৮টি সূত্র।

তথ্যসূত্র: Greene, Robert. The Concise 48 Laws of Power. Profile Books, 2002.


লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

সূত্র ৩: নিজের উদ্দেশ্য গোপন রাখুন (Conceal your intentions)

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি। সূত্র ৩: নিজের উদ্দেশ্য গোপন রাখুন (Conceal your intentions)। মূলনীতি (Judgment): আপনার কাজের পিছনে আস...

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *